ঢাকা সোমবার, ২৭ জুলাই, ২০২৬

বাঁশখালীতে অবৈধ ট্রলিং বোট-জালসহ আটক ১৬

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: জুলাই ২৭, ২০২৬, ০২:২১ এএম

চট্টগ্রামের বাঁশখালীতে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, ট্রলিং জাল ও সামুদ্রিক মাছ জব্দসহ ১৬ জনকে আটক করেছে কোস্ট গার্ড। গতকাল রোববার বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, চট্টগ্রামের বাঁশখালী থানাধীন এস. আলম জেটি সংলগ্ন এলাকায় রোববার মধ্যরাত ৩টায় কোস্ট গার্ড কন্টিনজেন্ট বাঁশখালী কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ওই এলাকা থেকে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। জব্দকৃত বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৬টি ট্রলিং জাল ও ৪ হাজার ৫৩ কেজি সামুদ্রিক মাছ জব্দসহ ১৬ জন জেলেকে আটক করা হয়।

পরবর্তীতে আগ্রাবাদ সামুদ্রিক মৎস্য দপ্তরের সহকারী পরিচালকের উপস্থিতিতে ট্রলিং বোট থেকে ট্রলিং সরঞ্জামাদি অপসারণ, ট্রলিং জাল বিনষ্ট এবং মুচলেকা নিয়ে বোটসহ জেলেদের মালিক পক্ষের কাছে হস্তান্তর করা হয়। জব্দকৃত সামুদ্রিক মাছ নিলামে ২ লাখ ৫০ হাজার টাকা বিক্রয় করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়।