ময়মনসিংহের হালুয়াঘাটে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর জুলাই পদযাত্রা সমাবেশে দলটির নেতা নাসিরুদ্দিন পাটোয়ারীর বক্তব্যের তীব্র প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। বিএনপির চেয়ারপারসন তারেক রহমান ও যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে নিয়ে কুরুচিপূর্ণ ও আপত্তিকর মন্তব্য করার প্রতিবাদে গত শনিবার রাতে উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এই তাৎক্ষণিক কর্মসূচি পালন করেন। রাত ৮টার দিকে উপজেলা বিএনপি কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি হালুয়াঘাট পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ক্ষুব্ধ নেতাকর্মীরা নাসিরুদ্দিন পাটোয়ারীর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে একটি সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

