ঢাকা সোমবার, ২৭ জুলাই, ২০২৬

ইংল্যান্ডকে হটিয়ে সিংহাসন পুনরুদ্ধার ভারতের

মাঠে ময়দানে ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৭, ২০২৬, ০৩:৪২ এএম

টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান বেশি দিন ধরে রাখতে পারল না ইংল্যান্ড। জিম্বাবুয়ের বিপক্ষে টানা দুই ম্যাচ জিতে ইংলিশদের হটিয়ে সিংহাসন পুনরুদ্ধার করল ভারত। চলতি মাসের শুরুতে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজের পঞ্চম ম্যাচে ভারতকে হারিয়ে তাদের টপকেই র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠে ইংল্যান্ড। ঠিক ১৫ দিন পর আবারও চূড়ায় ফিরল শ্রেয়াস আইয়ারের দল। ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ টি-টোয়েন্টির ওই সিরিজে একটি ম্যাচও জিততে পারেনি ভারত। প্রথম টি-টোয়েন্টি বৃষ্টিতে ভেস্তে যায়, তারা হারে পরের চারটিই।

তবে, জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের সিরিজটি এরই মধ্যে জিতে নিয়েছে ভারত। প্রথম টি-টোয়েন্টি ৭ উইকেটে জয়ের পর, শনিবার দ্বিতীয়টিতে তারা জেতে ৯০ রানে। দুই দলের তৃতীয় ও শেষ ম্যাচ রোববার। ভারত ও দুইয়ে নেমে যাওয়া ইংল্যান্ডের রেটিং পয়েন্ট এখন সমান ২৬৮।

র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দশে পরের স্থানগুলোয় যথাক্রমে আছেÑ অস্ট্রেলিয়া (২৬০), নিউ জিল্যান্ড (২৪৭), দক্ষিণ আফ্রিকা (২৪৪), পাকিস্তান (২৪০), ওয়েস্ট ইন্ডিজ (২৩৪), বাংলাদেশ (২২৪), শ্রীলঙ্কা (২২১) ও আফগানিস্তান (২২০)।