ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের পৌরসভার খেয়াঘাট থেকে নয়ারাস্তা পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কটি বেহাল ও চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। ভাঙাচোরা এই সড়কের কারণে প্রতিদিন হাজারো পথচারী, শিক্ষার্থী ও যানবাহন চালককে চরম দুর্ভোগ পোহাতে হতো এবং প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটত। দীর্ঘদিনেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে সড়কটি সংস্কারের কোনো উদ্যোগ না নেওয়ায় অবশেষে জনভোগান্তি কমাতে নিজ উদ্যোগে এগিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা।
গতকাল রোববার দিনব্যাপী এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সহযোগিতায় ও নিজ খরচে ইটের খোয়া এবং বালু ফেলে সড়কটির ক্ষতিগ্রস্ত অংশগুলো মেরামত করা হয়। এর ফলে এই রুটে যাতায়াত অনেকটাই স্বাভাবিক হবে বলে আশা করছেন স্থানীয়রা।
স্বেচ্ছাশ্রমে পরিচালিত এই সংস্কারকাজে স্থানীয়দের মধ্যে কেএম মামুন অর রশীদ, শাহেদ হাওলাদার, বেলায়েত খলিফা, গিয়াস বেপারী, ফারুক হোসেন ও সাইদুল বেপারীসহ এলাকার অনেকে সক্রিয়ভাবে অংশ নেন।
উদ্যোক্তাদের একজন কেএম মামুন অর রশীদ বলেন, এই সড়ক দিয়ে প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করেন। দীর্ঘদিন ধরে রাস্তাটি ভাঙা থাকায় সবাইকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছিল। তাই এলাকাবাসীকে সঙ্গে নিয়ে আমরা নিজেদের উদ্যোগেই সড়কটি চলাচলের উপযোগী করেছি। তবে আমাদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত স্থায়ীভাবে সড়কটির পূর্ণাঙ্গ সংস্কার করবে।
আরেক বাসিন্দা শাহেদ হাওলাদার বলেন, সড়কটির বেহাল দশার কারণে মানুষের চলাচলে ভীষণ কষ্ট হচ্ছিল। এলাকাবাসী এক সঙ্গে এগিয়ে আসায় আপাতত মানুষের দুর্ভোগ কিছুটা কমবে। তবে দীর্ঘস্থায়ী সমাধানের জন্য দ্রুত সরকারি উদ্যোগে টেকসই সংস্কারের ব্যবস্থা নেওয়া জরুরি।

