ঢাকা সোমবার, ২৭ জুলাই, ২০২৬

ডিগ্রি পরীক্ষায় অসদুপায় অবলম্বন, ১২ পরীক্ষার্থী বহিষ্কার

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২৭, ২০২৬, ০৩:১৫ এএম

জামালপুরের দেওয়ানগঞ্জে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ডিগ্রি (পাস) কোর্স তৃতীয় বর্ষের পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে মোট ১২ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। গত শনিবার বিকেলে পৌর শহরের সরকারি আব্দুল খালেক মেমোরিয়াল কলেজ কেন্দ্রে ইংরেজি (আবশ্যিক) পরীক্ষা চলাকালে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ডিগ্রি পরীক্ষার তৃতীয় দিনে ইংরেজি পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শনে যান ইউএনও শাহ জহুরুল হোসেন। পরিদর্শনের সময় ওই ১২ পরীক্ষার্থীর কাছে নকল পাওয়া যায়। পরে পরীক্ষার বিধিমালা অনুযায়ী তাৎক্ষণিকভাবে তাদের বহিষ্কারের নির্দেশ দেন ইউএনও। বহিষ্কৃত ১২ জনের মধ্যে ৬ জন হাতীভাঙ্গা মোফাজ্জল মিয়া মেমোরিয়াল কলেজ এবং বাকি ৬ জন সানান্দবাড়ী ডিগ্রি কলেজের শিক্ষার্থী।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা একাডেমিক সুপারভাইজার সজল কুমার ভদ্র জানান, বিধি অনুযায়ী ইউএনওর নির্দেশে ওই পরীক্ষার্থীদের কেন্দ্র থেকে বহিষ্কার করা হয়েছে।  ইউএনও শাহ জহুরুল হোসেন বলেন, পরীক্ষা কেন্দ্রে কোনো ধরনের নকল বা অনিয়মের সুযোগ দেওয়া হবে না। একটি সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতেই এই অভিযান চালানো হয়েছে। পরীক্ষা চলাকালীন এ ধরনের তদারকি ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।