চট্টগ্রামের সীতাকুণ্ড বিক্ষুব্ধ জনতার গণপিটুনিতে মো. নুরুল ইসলাম প্রকাশ ইরান নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের ভাষ্য অনুযায়ী, তিনি এলাকার চিহ্নিত মাদক কারবারি এবং দুটি হত্যা মামলার আসামি ছিলেন। গত শনিবার রাতে উপজেলার ৪ নম্বর মুরাদপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম ভাটেরখীল এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবার পরিচালনার গুরুতর অভিযোগ ছিল ইরানের বিরুদ্ধে। গত ২০ জুলাই রাতে ইয়াবা হারিয়ে যাওয়ার আজগুবি অভিযোগ তুলে নাইম নামে এক যুবককে ধরে নিয়ে নির্যাতন চালান ইরান ও তার সহযোগীরা। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার সন্ধ্যায় নাইমের মৃত্যু হয়।
এই মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকায় তীব্র ক্ষোভের আগুন জ্বলে ওঠে। শনিবার জানাজা শেষে বিক্ষুব্ধ জনতা ইরান ও তার সহযোগীদের খুঁজতে বের হয়। প্রথমে ইরানকে না পেয়ে তার এক সহযোগীকে মারধর করা হয়। পরে একটি ঘরে ইরান আত্মগোপনে রয়েছেনÑ এমন খবর পেয়ে শত শত মানুষ সেখানে গিয়ে জড়ো হয়। একপর্যায়ে তাকে ধরে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় ক্ষুব্ধ জনতা তার বসতবাড়িতেও আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ইরানের মরদেহ উদ্ধার করে। এ ছাড়া সংঘর্ষ ও হামলায় আহত অপর একজনকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে সীতাকু- মডেল থানার ওসি মো. মহিনুল ইসলাম জানান, নিহত ইরান দুটি হত্যা মামলার আসামি ছিলেন। পুরো ঘটনার বিষয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্ত চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে অব্যাহত রয়েছে।

