ঢাকা সোমবার, ২৭ জুলাই, ২০২৬

গাসিকের ৫ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
প্রকাশিত: জুলাই ২৭, ২০২৬, ০২:২১ এএম

গাজীপুর সিটি করপোরেশন (গাসিক) ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা করেছে। গতকাল রোববার গাজীপুর নগরভবন মিলনায়তনে আয়োজিত বাজেট সভায় ৫ হাজার ১০২ কোটি ৩৫ লাখ ৮ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়। বাজেট পেশ করেন নগরীর প্রশাসক মো. শওকত হোসেন সরকার। নির্বাহী কর্মকর্তা তিনজিলা খানমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সিটি করপোরেশনের সচিব, হিসাবরক্ষণ কর্মকর্তা গোলাম কিবরিয়া প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন ওয়ার্ডের সচিব ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় একই সঙ্গে ২০২৫-২৬ অর্থবছরের ৩ হাজার ৪৬৩ কোটি ৬ লাখ ৯৭ হাজার টাকার সংশোধিত বাজেটও উপস্থাপন করা হয়।

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুযায়ী, মোট আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ১০২ কোটি ৩৫ লাখ ৮ হাজার টাকা এবং ব্যয় ২ হাজার ৪৮০ কোটি ৪৭ লাখ ৫০ হাজার টাকা। এর মধ্যে প্রারম্ভিক স্থিতি ২ হাজার ৪৩৭ কোটি ২৬ লাখ ৩৩ হাজার টাকা, রাজস্ব (সাধারণ তহবিল) থেকে ৪৪৩ কোটি ৩৬ লাখ ৫০ হাজার টাকা, পানি সরবরাহ তহবিল থেকে ৭০ কোটি ৮০ লাখ ৭৫ হাজার টাকা, সরকারি উন্নয়ন খাতে ১৪০ কোটি টাকা এবং বৈদেশিক সহায়তাপুষ্ট ও ডিপিপিভিত্তিক প্রকল্প থেকে ২ হাজার ১০ কোটি ৯১ লাখ ৫০ হাজার টাকা আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। অন্যদিকে মোট ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৪৮০ কোটি ৪৭ লাখ ৫০ হাজার টাকা। এর মধ্যে রাজস্ব (সাধারণ তহবিল) খাতে ৪১৭ কোটি ৬৯ লাখ ৬০ হাজার টাকা, পানি সরবরাহ খাতে ৭৮ কোটি ৪ লাখ ৭০ হাজার টাকা, সরকারি অনুদান উন্নয়ন খাতে ১৩৯ কোটি ৭৫ লাখ টাকা, নিজস্ব রাজস্বভিত্তিক উন্নয়ন প্রকল্পে ২৩৬ কোটি ২৫ লাখ টাকা এবং বৈদেশিক সহায়তাপুষ্ট ও ডিপিপিভিত্তিক প্রকল্পে ১ হাজার ৬০৮ কোটি ৭৩ লাখ ২০ হাজার টাকা ব্যয়ের প্রস্তাব করা হয়েছে। বাজেট অনুযায়ী, অর্থবছর শেষে গাজীপুর সিটি করপোরেশনের সমাপনী স্থিতি দাঁড়াবে ২ হাজার ৬২১ কোটি ৮৭ লাখ ৫৮ হাজার টাকা।

এ ছাড়া ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে মোট আয় ধরা হয়েছে ৩ হাজার ৪৬৩ কোটি ৬ লাখ ৯৭ হাজার টাকা এবং মোট ব্যয় ১ হাজার ২৫ কোটি ৮০ লাখ ৬৪ হাজার টাকা। সংশোধিত বাজেট অনুযায়ী সমাপনী স্থিতি রয়েছে ২ হাজার ৪৩৭ কোটি ২৬ লাখ ৩৩ হাজার টাকা। নগর উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ, পানি সরবরাহব্যবস্থার উন্নয়ন এবং বৈদেশিক সহায়তাপুষ্ট উন্নয়ন প্রকল্প বাস্তবায়নকে গুরুত্ব দিয়ে এ বাজেট প্রণয়ন করা হয়েছে বলে সভায় জানানো হয়।

বাজেট সভায় প্রশাসক শওকত হোসেন সরকার বলেন, এবারের বাজেট জনকল্যাণমুখী। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে নগরকে গ্রিন ও ক্লিন সিটিতে উন্নীত করতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। এতে রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য ও মশকনিধনে গুরুত্ব দেওয়া হয়েছে।