বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) আয়োজিত ‘কন্দাল ফসলের বর্তমান প্রেক্ষাপট ও ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বারির সেমিনার কক্ষে বারির কন্দাল ফসল গবেষণা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় দেশের কন্দাল ফসলের বর্তমান উৎপাদন পরিস্থিতি, গবেষণার অগ্রগতি, উৎপাদনশীলতা বৃদ্ধির সম্ভাবনা এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হয়।
বক্তারা বলেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষি অর্থনীতিকে আরও শক্তিশালী করতে কন্দাল ফসলের গুরুত্ব দিন দিন বাড়ছে। এ খাতের টেকসই উন্নয়নে গবেষণা কার্যক্রম জোরদার ও উদ্ভাবিত প্রযুক্তি দ্রুত মাঠপর্যায়ে সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন তারা।
কন্দাল ফসল গবেষণা কেন্দ্রের পরিচালক ড. নির্মল কুমার দত্তের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বারির মহাপরিচালক ড. মো. মঞ্জুরুল কাদির। তিনি বলেন, জলবায়ু পরিবর্তন ও ক্রমবর্ধমান খাদ্য চাহিদার প্রেক্ষাপটে কন্দাল ফসলের উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। গবেষণার মাধ্যমে অধিক ফলনশীল ও কৃষকবান্ধব জাত উদ্ভাবনের পাশাপাশি আধুনিক উৎপাদন প্রযুক্তি কৃষকের কাছে পৌঁছে দিতে হবে।
বিশেষ অতিথি ছিলেন বারির পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. রেশমা সুলতানা, পরিচালক (গবেষণা) ড. ফারুক আহমেদ, পরিচালক (সেবা ও সরবরাহ) ড. মো. মোশাররফ হোসেন মোল্লা এবং পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন উইং) ড. হাবিব মোহাম্মদ নাসের। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন টিসিআরএসপি প্রকল্পের প্রকল্প পরিচালক এবং কন্দাল ফসল গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. খোরশেদ আলম। তিনি কন্দাল ফসলের বর্তমান অবস্থা, গবেষণার অগ্রগতি, বিদ্যমান চ্যালেঞ্জ ও সম্ভাবনা তুলে ধরেন। একই সঙ্গে উৎপাদনশীলতা বৃদ্ধিতে গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন ও কার্যকর সম্প্রসারণ কার্যক্রমের প্রয়োজনীয়তার ওপর আলোকপাত করেন। অনুষ্ঠানে বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান, কৃষি সংশ্লিষ্ট সংস্থা ও দপ্তরের সিনিয়র বিজ্ঞানী, কর্মকর্তা ও গবেষকরা অংশ নেন।

