ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন এবং নির্বাচনকালীন নিরাপত্তা প্রস্তুতি পর্যালোচনার অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিদর্শন করেছেন জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), ৩৩ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, কুমিল্লা এরিয়া মেজর জেনারেল মো. নাজিম-উদ-দৌলা।
সোমবার (২ ফেব্রুয়ারি) ব্রাহ্মণবাড়িয়া সফরকালে তিনি জেলার মোতায়েন থাকা সামরিক বাহিনীর সদস্যদের সঙ্গে সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক, পুলিশ সুপার ও জেলার বিভিন্ন অসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
সফরকালে কমান্ডার ১০১ পদাতিক ব্রিগেড, ব্রিগেডিয়ার জেনারেল মো. মেহেদী হাসান চৌধুরী জিওসিকে স্বাগত জানান এবং জেলার গুরুত্বপূর্ণ এলাকায় সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন।
ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সেনাবাহিনী ও বিজিবি কর্মকর্তাদের পাশাপাশি জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান, পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফ, র্যাব, এনএসআই এবং আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্টসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় নির্বাচনকালীন সার্বিক নিরাপত্তা প্রস্তুতি, বাহিনীগুলোর মধ্যে সমন্বয় জোরদার করা এবং দায়িত্ব পালনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এ সময় মেজর জেনারেল নাজিম-উদ-দৌলা বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আন্তঃবাহিনী ও অসামরিক প্রশাসনের নিবিড় সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা, সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা এবং নিয়মিত যোগাযোগ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি নির্বাচনকালীন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে অসামরিক প্রশাসনকে সেনাবাহিনীর সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
পরবর্তীতে জিওসি ব্রাহ্মণবাড়িয়া নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে জেলার বিভিন্ন পদবির সেনাসদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং নির্বাচনকালীন দায়িত্ব পালনে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। দেশের ও জাতির প্রয়োজনে দীর্ঘ দেড় বছরেরও বেশি সময় ধরে নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য মোতায়েন সেনাসদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এই সফরে তার সঙ্গে ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজিম উদ্দিন, বিএএম এবং ব্রিগেডিয়ার জেনারেল সোহেল হাসান, এসজিপি, এনডিসি, পিএসসিসহ ডিভিশন সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



