গাজীপুরের টঙ্গীতে পারিবারিক কলহের জেরে গলায় ওরনা পেঁচিয়ে অটো রিকশা চালক স্বামীকে হত্যার অভিযোগে পিপাশা আক্তার (২১) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ।
সোমবার (২০ জুলাই) রাত পৌনে বারটার দিকে মাছিমপুর কলাবাগান এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত অটোরিকশা চালকের নাম আবুল কালাম (২২)। তিনি জামালপুর জেলার মেলান্দহ থানার টগারচর গ্রামের আফছার আলীর ছেলে। গ্রেপ্তারকৃত পিপাশা আক্তার একই এলাকার আব্দুল করিমের মেয়ে।
স্থানীয় সুত্র ও পুলিশ জানায়, মাসখানেক আগে জীবিকার তাগিদে স্ব-পরিবারে টঙ্গীতে আসেন নিহত আবুল কালাম। পরে টঙ্গী পশ্চিম থানাধীন কলাবাগান বস্তিতে বাসা ভাড়া নিয়ে অটো রিকশা চালিয়ে আসছিলেন।
সোমবার রাতে বাসায় ফেরার পর পারিবারিক বিষয়ে স্ত্রী সঙ্গে ঝগড়া হয় তার। একপর্যায়ে স্ত্রী পিপশা স্বামী আবুল কালামের গলায় ওরনা পেঁচিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দিলে টঙ্গী পশ্চিম থানা পুলিশ পিপাশাকে আটক করে এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে টঙ্গী পশ্চিম থানা অফিসার ইনচার্জ আরিফুর রহমান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পাওয়া গেছে। তার বিরুদ্ধে নিহতের ভাই বাদী হয়ে মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

