ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ডিজিটাল ভিক্ষুক, নির্দিষ্ট সময়ের পর নেন না ভিক্ষা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ৬, ২০২৬, ১২:২৮ পিএম
মাইক হাতে ডিজিটাল ভিক্ষুক। ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে এক ভিক্ষুকের ব্যতিক্রমী কর্মকাণ্ড ঘিরে এলাকায় কৌতূহল ও আলোচনা তৈরি হয়েছে। হ্যান্ড মাইক ব্যবহার করে নির্দিষ্ট সময় বেঁধে ভিক্ষা নেওয়ার ঘোষণা দিয়ে তিনি স্থানীয়দের দৃষ্টি কেড়েছেন।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে বাঞ্ছারামপুর উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের শাহান শাহ হযরত রাহাত আলী শাহ (রহ.) মাজারের সামনে এ দৃশ্য দেখা যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাছিননগর মাজার এলাকায় প্রতিদিন প্রায় ১৫ থেকে ২০ জন ভিক্ষুক অবস্থান করেন। তাদের মধ্যেই একজন ভিক্ষুক হাতে হ্যান্ড মাইক নিয়ে উপস্থিত মানুষের উদ্দেশে ঘোষণা দেন। যারা ভিক্ষা দেবেন, তারা যেন নির্দিষ্ট সময়ের মধ্যে দেন। সময় শেষ হলে আর ভিক্ষা নেওয়া হবে না।

মাজারে আসা দর্শনার্থীরা প্রথমে বিষয়টি দেখে বিস্মিত হন। পরে অনেকেই বিষয়টি উপভোগ করেন এবং মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন। এসব ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দ্রুতই তা ভাইরাল হয়। নেটিজেনরা মজা করে ওই ব্যক্তিকে ‘ডিজিটাল ভিক্ষুক’ নামে অভিহিত করছেন।

দর্শনার্থীদের ভাষ্য, মাজার এলাকায় দীর্ঘদিন ধরেই ভিক্ষুকদের অবস্থান থাকলেও মাইক ব্যবহার করে সময় নির্ধারণ করে ভিক্ষা চাওয়ার ঘটনা আগে দেখা যায়নি। কেউ এটিকে মজার বিষয় হিসেবে দেখছেন, আবার কেউ মানুষের দৃষ্টি আকর্ষণের অভিনব কৌশল বলেও মন্তব্য করছেন।

স্থানীয়দের মতে, মাজার এলাকায় অনেক ভিক্ষুক থাকলেও ওই ব্যক্তির সময় মেনে চলা এবং মাইক ব্যবহার করে ঘোষণা দেওয়ার বিষয়টি একেবারেই নতুন। মানুষের কৌতূহলকে কাজে লাগিয়েই তিনি ভিক্ষা চাওয়ার ভিন্নধর্মী পদ্ধতি তৈরি করেছেন বলে ধারণা করা হচ্ছে।