ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক দুর্ঘটনায় মা-ছেলেসহ নিহত ৪

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: জুন ৫, ২০২৬, ০২:৫৯ পিএম
ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ দুজনসহ মোট চারজন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।

শুক্রবার (৫ জুন) সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার বিয়াল্লিশ্বর এবং ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার বাড়িউড়া এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।

হাইওয়ে পুলিশ ও স্বজনদের তথ্য অনুযায়ী, কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বাহাদুরপুর থেকে কাউসার আহমেদ স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশায় নরসিংদীর উদ্দেশে রওনা হন। সকাল সাড়ে ৮টার দিকে বিয়াল্লিশ্বর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মাছবাহী পিকআপ ভ্যানের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনাস্থলেই অটোরিকশার চালক মাহবুব আলম (৫০) নিহত হন। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর কাউসার আহমেদের স্ত্রী জোসনা আক্তার (৪০) এবং তাদের ছেলে আশরাফুল (৮) মারা যান।

এ ঘটনায় কাউসার আহমেদ (৫০), তার মেয়ে আশা মনি (১৪) এবং আদিবা আক্তার (৩) গুরুতর আহত হন। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে নিহতদের স্বজনরা হাসপাতালে ছুটে আসেন এবং শোকাহত পরিবেশের সৃষ্টি হয়।

নিহত চালক মাহবুব আলমের স্বজন বোরহান উদ্দিন অভিযোগ করেন, মহাসড়কে মাছবাহী পিকআপ ভ্যানগুলো প্রায়ই বেপরোয়া গতিতে চলাচল করে। এমন অনিয়ন্ত্রিত গতির কারণেই এই দুর্ঘটনায় কয়েকটি প্রাণ ঝরে গেছে।

নিহত জোসনা আক্তারের চাচাতো ভাই মনজুর মাহমুদ বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে হাইওয়ে পুলিশের কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন। পাশাপাশি গুরুত্বপূর্ণ সড়কপথ সিসিটিভি নজরদারির আওতায় আনা হলে দুর্ঘটনা নিয়ন্ত্রণে সহায়ক হবে।

ব্রাহ্মণবাড়িয়া খাঁটিহাতা হাইওয়ে পুলিশের ওসি আবু তাহের দেওয়ান জানান, পরিবারের পক্ষ থেকে আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। দুর্ঘটনার পর পিকআপচালক পালিয়ে গেলেও গাড়িটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এর আগে একই দিন ভোর ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার বাড়িউড়া এলাকায় একটি প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে অলি মিয়া নামে এক যাত্রী নিহত হন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।

নিহত অলি মিয়া সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের বরইবাড়ী গ্রামের বাসিন্দা এবং ইদন মিয়ার ছেলে। তবে আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।