ঢাকা বুধবার, ২৪ জুন, ২০২৬

নবীনগরে ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী তায়েফ গ্রেপ্তার

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: জুন ২৩, ২০২৬, ১১:৫৩ এএম
ছবি- রূপালী বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী হিসেবে পরিচিত হামিদুর রহমান তায়েফ সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত ১০টার দিকে উপজেলার কনিকাড়া ব্রিজসংলগ্ন পৌর মেয়র মার্কেট এলাকার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া তায়েফ নবীনগর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কলেজপাড়ার বাসিন্দা। তিনি কাতারপ্রবাসী তোফায়েল সরকারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, তায়েফ উপজেলা ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী ছিলেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের পোস্টার ও ব্যানার বিভিন্ন স্থানে লাগানোর একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর তিনি এলাকায় আলোচনায় আসেন। এরপর থেকেই তাকে ঘিরে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে নবীনগর থানার ওসি মোরশেদুল আলম চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘মামলার প্রক্রিয়া চলমান। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।’

তবে ঠিক কোন মামলায় তায়েফকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেননি ওসি।

পুলিশ জানিয়েছে, মামলার কার্যক্রম সম্পন্ন হওয়ার পর এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।