চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের ঘোষেরহাট এলাকায় যাত্রীবাহী আইদি বাসের ধাক্কায় রাহেলা আক্তার শান্তা (১৭) নামের এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) বেলা ১১টার দিকে সদর উপজেলার ঘোষেরহাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রাহেলা আক্তার শান্তা সদর উপজেলার শাহতলী মুন্সি বাড়ির মো. শামসুল হুদা মুন্সির সেজো মেয়ে। তিনি শাহতলী জিলানী চিশতি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, রাহেলা আক্তার শান্তা বোনের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে চাঁদপুর–কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের ঘোষেরহাট এলাকায় অটোরিকশার জন্য অপেক্ষা করছিলেন। এ সময় কুমিল্লা থেকে ছেড়ে আসা কুমিল্লা-ব ১১০৩৭৩ নম্বরের চাঁদপুরগামী যাত্রীবাহী আইদি বাস তাকে ধাক্কা দিয়ে চলে যায়।
বাসের ধাক্কায় তিনি সড়কে লুটিয়ে পড়লে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। ঢাকায় নেওয়ার পথে বিকেল ৪টার দিকে যাত্রাবাড়ী এলাকায় পৌঁছালে তার মৃত্যু হয়।
এ বিষয়ে নিহত শিক্ষার্থী রাহেলা আক্তার শান্তার বাবা শামসুল হুদা মুন্সি বলেন, ‘বেলা ১১টার দিকে আমার মেয়ে ঘোষেরহাটে গেলে আইদি বাস তাকে চাপা দেয়। আমি ঘাতক আইদি বাসচালকের বিচার চাই।’
চাঁদপুর সদর মডেল থানার ওসি ফয়েজ আহমেদ বলেন, ‘ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল ঘোষেরহাট পরিদর্শন করেছি। কলেজ শিক্ষার্থীকে চাপা দেওয়া বাসটি আটকের চেষ্টা চলছে। ঘটনা তদন্তে থানার এসআই আওলাদ হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে।’

-20260107153520.webp)
-20260107212711.webp)
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন