ঢাকা বুধবার, ০৮ জুলাই, ২০২৬

বিমানবন্দরে ফ্রি শাটল সার্ভিস চালু, ৩ রুটে চলবে বেবিচকের বাস

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ৮, ২০২৬, ০৩:১০ পিএম
ছবি : সংগৃহীত

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগত ও প্রস্থানকারী যাত্রীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে শাটল সার্ভিস চালু করেছে। যাত্রীদের নিরাপদ, সহজ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে সম্প্রতি বিমানবন্দরের ক্যানোপির সামনে আয়োজিত এক অনুষ্ঠানে এ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শাটল সার্ভিসের উদ্বোধন করেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ।

বেবিচকের অর্থায়নে পরিচালিত এ ফ্রি শাটল সার্ভিস তিনটি রুটে চলাচল করবে। রুটগুলো হলো— বিমানবন্দর থেকে বিমানবন্দর বাসস্ট্যান্ড, জসিমউদ্দিন মোড় থেকে বিমানবন্দর রেলস্টেশন এবং কাওলা থেকে বিমানবন্দর।

এ সেবার মাধ্যমে যাত্রীরা বিমানবন্দরের গুরুত্বপূর্ণ সংযোগস্থলগুলোর মধ্যে সম্পূর্ণ বিনামূল্যে দ্রুত, নিরাপদ ও আরামদায়কভাবে যাতায়াত করতে পারবেন।

বেবিচক জানিয়েছে, বিশেষ করে প্রবীণ নাগরিক, নারী, শিশু, শারীরিকভাবে অসুবিধাগ্রস্ত যাত্রী এবং ভারী লাগেজ বহনকারী যাত্রীদের জন্য এ শাটল সার্ভিস উল্লেখযোগ্য সুবিধা বয়ে আনবে। পাশাপাশি ব্যক্তিগত যানবাহনের ব্যবহার কমিয়ে বিমানবন্দর এলাকায় যানজট হ্রাস, পরিবেশবান্ধব যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা এবং সামগ্রিক যাত্রীসেবার মান উন্নয়নেও এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উদ্বোধনী অনুষ্ঠানে নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ বলেন, দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান উন্নয়ন এবং আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করতে বেবিচক ধারাবাহিকভাবে বিভিন্ন যুগোপযোগী উদ্যোগ গ্রহণ করছে। তারই ধারাবাহিকতায় সম্পূর্ণ বিনামূল্যে এ শাটল সার্ভিস চালু করা হয়েছে, যা যাত্রীদের সময় সাশ্রয়ের পাশাপাশি নিরাপদ চলাচল নিশ্চিত করবে।

তিনি আরও বলেন, ‘সম্মানিত যাত্রী সর্বাগ্রে’ এই অঙ্গীকার নিয়ে বেবিচক ভবিষ্যতেও যাত্রীসেবার মানোন্নয়ন এবং নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে সময়োপযোগী উদ্যোগ অব্যাহত রাখবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিমানবন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তা, বিভিন্ন অংশীজন এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।