ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

চাঁদপুরে স্বর্ণের দোকান থেকে কারিগরের লাশ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৮, ২০২৬, ০৭:১৬ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

চাঁদপুরের হাইমচর উপজেলার সদর আলগী বাজারের একটি স্বর্ণের দোকান থেকে বিজয় ঘোষ (৪৫) নামে এক স্বর্ণকারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৮ জুলাই) সকালে ‘আলিফ গোল্ড মার্কেটের’ ‘নিউ মাতৃ শিল্পালয়’ নামের দোকান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার প্রকৃত কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

নিহত বিজয় ঘোষ মতলব উত্তর উপজেলার নায়েরগাঁও এলাকার জহর লাল চন্দ্র ঘোষের ছেলে। তিনি প্রায় দুই বছর ধরে ওই প্রতিষ্ঠানে স্বর্ণের কারিগর হিসেবে কাজ করতেন এবং দোকানেই রাত কাটাতেন।

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত ১০টার দিকে প্রতিদিনের মতো দোকান বন্ধ করে মালিকপক্ষ বাড়ি চলে যান। শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় দোকান বন্ধ ছিল। ওই সময় বিজয় ঘোষ দোকানের ভেতরেই ছিলেন।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে দোকানের যৌথ মালিক ও নিহতের শ্যালক বিকম চন্দ্র ঘোষ (মধু) দোকান খুলতে এসে দেখেন, শাটার খোলা থাকলেও ভেতরের কলাপসিবল গেটে তালা ঝুলছে। কয়েকবার ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে বিকল্প চাবি দিয়ে ভেতরে প্রবেশ করলে তিনি সিলিং ফ্যানের সঙ্গে নাইলনের রশিতে ঝুলন্ত অবস্থায় বিজয় ঘোষকে দেখতে পান। পরে আশপাশের ব্যবসায়ী ও স্থানীয়দের সহযোগিতায় পুলিশকে খবর দেওয়া হয়।

বিকম চন্দ্র ঘোষ জানান, বিজয় ঘোষের সঙ্গে পরিবারের সদস্য কিংবা দোকানের কারও কোনো বিরোধ ছিল না। তবে ঘটনার দুই দিন আগে রাতে মোবাইল ফোনে কারও সঙ্গে তার উচ্চস্বরে কথা কাটাকাটির বিষয়টি তিনি শুনেছিলেন। তবে সেটির সঙ্গে এ ঘটনার কোনো সম্পর্ক রয়েছে কি না, তা নিশ্চিত নন।

খবর পেয়ে হাইমচর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

হাইমচর থানার ওসি মো. নাজমুল হাসান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।