ঢাকা রবিবার, ২৬ জুলাই, ২০২৬

চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুব আনোয়ার বাবলু আর নেই

চাঁদপুর, স্টাফ রিপোর্টার
প্রকাশিত: জুলাই ২৬, ২০২৬, ০৩:৪৬ পিএম
মাহবুব আনোয়ার বাবলু। ছবি : রূপালী বাংলাদেশ

চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি, সাবেক ছাত্রদল নেতা ও বিশিষ্ট রাজনীতিবিদ মাহবুব আনোয়ার বাবলু ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (২৫ জুলাই) রাত ১টা ১৫ মিনিটে চাঁদপুর ২৫০ শয্যা সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

দলীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। শুক্রবার দুপুরে নিজ বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। পরে চাঁদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিকের নির্দেশনায় দলীয় নেতাকর্মীরা তাকে দ্রুত চাঁদপুর ২৫০ শয্যা সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কেবিনে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, একমাত্র ছেলে, আত্মীয়-স্বজন, অসংখ্য সহকর্মী, শুভানুধ্যায়ী ও গুণগ্রাহী রেখে গেছেন।

মাহবুব আনোয়ার বাবলুর মৃত্যুতে চাঁদপুরের রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রাত থেকেই দলীয় নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ হাসপাতালে এবং তার বাসভবনে ছুটে যান।

তার মৃত্যুতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চাঁদপুর জেলা বিএনপির নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের শীর্ষ নেতারা পৃথক শোকবার্তায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

শোকবার্তায় নেতারা বলেন, মাহবুব আনোয়ার বাবলুর মৃত্যুতে চাঁদপুর জেলা বিএনপি একজন পরীক্ষিত, বিশ্বস্ত ও অভিজ্ঞ অভিভাবককে হারালো। দলের দুঃসময়ে তার দৃঢ় নেতৃত্ব, ত্যাগ এবং জাতীয়তাবাদী আদর্শ প্রতিষ্ঠায় তার অবদান চাঁদপুরের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

নেতারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

চাঁদপুর জেলা বিএনপির প্রচার সম্পাদক শরিফ উদ্দিন পলাশ জানান, পারিবারিক ও দলীয় যৌথ সিদ্ধান্ত অনুযায়ী রোববার বাদ আসর চাঁদপুর সরকারি কলেজ মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে শহরের পৌর কবরস্থানে তাকে দাফন করা হবে।