ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের পৌরসভার খেয়াঘাট থেকে নয়ারাস্তা পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়ক দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে ছিল।
ভাঙাচোরা সড়কের কারণে প্রতিদিন হাজারো পথচারী, শিক্ষার্থী ও যানবাহন চালককে চরম দুর্ভোগ পোহাতে হতো। প্রায়ই ছোট-বড় দুর্ঘটনাও ঘটছিল। দীর্ঘদিনেও সড়কটি সংস্কারে কোনো উদ্যোগ না নেওয়ায় অবশেষে জনভোগান্তি কমাতে নিজ উদ্যোগে এগিয়ে আসেন স্থানীয়রা।
রোববার (২৬ জুলাই) দিনব্যাপী এলাকাবাসীর সহযোগিতায় ইটের খোয়া ও বালু ফেলে সড়কটির ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করা হয়। এতে চলাচল অনেকটাই স্বাভাবিক হবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা।
সংস্কারকাজে স্থানীয় কেএম মামুন অর রশীদ, শাহেদ হাওলাদার, বেলায়েত খলিফা, গিয়াস বেপারী, ফারুক হোসেন, সাইদুল বেপারীসহ এলাকার অনেকেই অংশ নেন।
কেএম মামুন অর রশীদ বলেন, এই সড়ক দিয়ে প্রতিদিন হাজারো মানুষ চলাচল করেন। দীর্ঘদিন ধরে ভাঙা থাকায় সবাইকে দুর্ভোগ পোহাতে হচ্ছিল। তাই এলাকাবাসীকে সঙ্গে নিয়ে নিজেদের উদ্যোগেই সড়কটি সংস্কারের কাজ করেছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত স্থায়ীভাবে সড়কটি সংস্কার করবে, এটাই আমাদের প্রত্যাশা।
স্থানীয় বাসিন্দা শাহেদ হাওলাদার বলেন, সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় ছিল। চলাচলে মানুষের অনেক কষ্ট হচ্ছিল। এলাকাবাসী একসঙ্গে উদ্যোগ নেওয়ায় আপাতত দুর্ভোগ কিছুটা কমবে। তবে স্থায়ী সমাধানের জন্য দ্রুত সরকারি উদ্যোগে সড়কটির পূর্ণাঙ্গ সংস্কার প্রয়োজন।

