চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের দলদলী ইউনিয়নের মুশরীভূজা-বটতলা গ্রামে রক্তক্ষয়ী সংঘর্ষ ও মারামারির ঘটনা ঘটেছে। এ সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন এবং আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (১৯ জুন) ভোলাহাট উপজেলার বটতলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন ভোলাহাট উপজেলার দলদলিয়া ইউনিয়নের বটতলা গ্রামের মো. ইয়াসিন আলীর ছেলে মো. আসাদুল ইসলাম (৪৫)।
সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের কয়েকটি বাড়িঘরে অগ্নিসংযোগ ও ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানান, শুক্রবার (১৯ জুন) উপজেলার বটতলা গ্রামে পূর্ব শত্রুতা কিংবা অভ্যন্তরীণ কোনো বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে এই রক্তক্ষয়ী সংঘর্ষের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে উভয় পক্ষের দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। সংঘর্ষের এক পর্যায়ে উত্তেজিত জনতা বেশ কয়েকটি বাড়িঘরে আগুন ধরিয়ে দেয় এবং আসবাবপত্রসহ মূল্যবান জিনিসপত্র ব্যাপক ভাঙচুর করে।
এ ঘটনায় একজন নিহত হওয়ার পাশাপাশি আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের পর পুরো বটতলা ও মুশরীভূজা এলাকায় চরম আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে।
খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য ঘটনাস্থলে পৌঁছেছে। এলাকায় নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারেক জানান, পূর্ব শত্রুতার জেরে দু’পক্ষের মধ্যে মারামারি হয়। মারামারির একপর্যায়ে একজন গুরুতর আহত হলে তাকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। কয়েকজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন