চাঁপাইনবাবগঞ্জের রানিনগরে বালু উত্তোলনে বাধা দিতে দিনভর লাঠিসোঁটা হাতে পদ্মা নদী পাহারা দিয়েছেন কয়েকটি গ্রামের বাসিন্দারা। সোমবার রানিনগরসহ আশপাশের কয়েকটি গ্রামের কয়েক হাজার নারী-পুরুষ দিনভর নদীপাড়ে অবস্থান নেন।
এর আগে সকালে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে ৪০-৫০ জনের একটি দল নদী ও স্থলপথে সদর উপজেলার আলাতুলী ইউনিয়নের রানিনগর এলাকায় পদ্মা নদীতে বালু উত্তোলন করতে আসে। এ সময় স্থানীয় কয়েকজন বাধা দিলে তাদের হুমকি ও ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক বালু উত্তোলনের চেষ্টা করা হয়। পরে গ্রামবাসী বাধা দিলে সেখানে উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে এসিল্যান্ড ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানান, কয়েক দফা নদীভাঙনের শিকার হয়ে পদ্মা নদীর বাঁধসংলগ্ন এলাকায় বসতবাড়ি নির্মাণ করেছেন পদ্মাপাড়ের বাসিন্দারা। দফায় দফায় এখানে বালু উত্তোলন বন্ধের দাবিতে উপজেলা, জেলা ও বিভাগীয় প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন তারা। কিন্তু সেই দাবি উপেক্ষা করে কয়েক হাজার বিঘা ফসলি জমি, বসতবাড়ি এবং কয়েকশ কোটি টাকা ব্যয়ে নির্মিত নদী রক্ষা বাঁধের নিচ থেকেই বারবার বালু উত্তোলনের চেষ্টা চলছে। নিজেদের অস্তিত্ব রক্ষায় জীবন দিতে হলেও বালু উত্তোলন করতে দেওয়া হবে না বলে জানান গ্রামবাসী।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি ইকরামুল হোসাইন জানান, বালু উত্তোলনের চেষ্টা হলে গ্রামবাসী বাধা দেয়। পরে এসিল্যান্ডের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক ও শান্ত রয়েছে। ঘটনাস্থলে উত্তেজনা থাকলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।


