ঢাকা সোমবার, ২৯ জুন, ২০২৬

গাজীপুরে ডেঙ্গুতে দশম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: জুন ২৯, ২০২৬, ০৯:৩১ পিএম
ছবি : সংগৃহীত

গাজীপুরের পুবাইলে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় দশম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

রোববার (২৮ জুন) রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় নাফিস সরদার (১৫)। সে গাজীপুর মহানগরের পুবাইল থানার ৪০ নম্বর ওয়ার্ডের কুদাব এলাকার বাসিন্দা রাসেদ সরদারের ছেলে। পরিবারের সঙ্গে রাজধানীর উত্তরায় বসবাস করতো এবং মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলো।

পারিবারিক সূত্রে জানা যায়, কয়েকদিন আগে জ্বরে আক্রান্ত হলে নাফিসকে প্রথমে শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে গত শুক্রবার তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হলেও তার অবস্থার ক্রমাগত অবনতি ঘটে। রোববার রাতে চিকিৎসাধীন অবস্থায় সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে।

পরিবারের সদস্যরা জানান, ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর নাফিসের শরীরে প্লাটিলেটের সংখ্যা দ্রুত কমে যায়। চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

নাফিসের অকাল মৃত্যুতে পরিবার, স্বজন, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।