চট্টগ্রামে জুলাই অভ্যুত্থানের স্মৃতিবিজড়িত গ্রাফিতি মোছাকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলর স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ সময় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি স্লোগানের ঘটনাও ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রোববার (১৭ মে) রাত ১১টার দিকে নগরীর টাইগারপাস এলাকায় চট্টগ্রাম সিটি করপোরেশন কার্যালয়ের প্রবেশমুখ সড়কে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম ওয়াসা থেকে টাইগারপাস পর্যন্ত শহীদ ওয়াসিম আকরাম উড়াল সড়কের পিলারে আঁকা জুলাই গ্রাফিতি মুছে ফেলা হয়। এর প্রতিবাদে চট্টগ্রাম মহানগর এনসিপি ‘জুলাই গ্রাফিতি অঙ্কন’ কর্মসূচি পালন করে। সন্ধ্যা ৭টা থেকে দলটির নেতাকর্মীরা বিভিন্ন স্থানে নতুন করে গ্রাফিতি আঁকেন।
পরে রাতে সিটি করপোরেশন কার্যালয়ের সড়কে চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনকে দায়ী করে বিভিন্ন স্লোগান ও লেখা দেয় এনসিপির নেতাকর্মীরা। এর প্রতিবাদে বিএনপির স্থানীয় নেতারা সেখানে গিয়ে বিক্ষোভ করেন এবং লেখাগুলো মুছে দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও পাল্টাপাল্টি স্লোগান শুরু হলে পুলিশ গিয়ে উভয় পক্ষকে সরিয়ে দেয়।
খুলশী থানার ওসি আরিফুর রহমান বলেন, ‘এনসিপি ও বিএনপির লোকজনকে সরিয়ে দেওয়া হয়েছে। পরিস্থিতি এখন শান্ত।’
এনসিপির চট্টগ্রাম মহানগর শাখার নেতাদের অভিযোগ, মেয়র শাহাদাত হোসেনের নির্দেশে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিবিজড়িত গ্রাফিতি মুছে ফেলা হয়েছে। এর প্রতিবাদেই দলটি গ্রাফিতি অঙ্কনের কর্মসূচি পালন করেছে।
স্থানীয় সূত্র জানায়, টাইগারপাস এলাকায় সিটি করপোরেশনের প্রবেশফটকের সামনে কয়েকটি পিলারের গ্রাফিতির ওপর সাদা ও হলুদ রং করা হয়। এ সংক্রান্ত ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এনসিপির নেতারা দাবি করেন, মেয়রের নির্দেশেই এসব গ্রাফিতি মুছে ফেলা হয়েছে।
তবে এ অভিযোগ অস্বীকার করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন। চসিকের জনসংযোগ শাখা থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মেয়র শাহাদাত হোসেনের নির্দেশে নগরের কোথাও জুলাইয়ের গ্রাফিতি অপসারণের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
নগর এনসিপির সদস্যসচিব আরিফ মঈনুদ্দিন বলেন, ‘জুলাই আন্দোলনের স্মৃতিবাহী গ্রাফিতি মুছে সেখানে ‘বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন’ লেখা হয়েছে। আমরা মেয়রকে বলব, আপনার মেয়াদ শেষ, দয়া করে পদ ছাড়ুন।’
এদিকে রাত ১২টা ৪৪ মিনিটে চট্টগ্রাম সিটি করপোরেশনের জনসংযোগ শাখা থেকে পাঠানো আরেক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নগরীকে নান্দনিক, পরিচ্ছন্ন ও শিল্পসমৃদ্ধ নগর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে মেয়র ডা. শাহাদাত হোসেনের উদ্যোগে সোমবার সকাল ১০টায় টাইগারপাস থেকে লালখান বাজার পর্যন্ত সড়কের দেয়ালে ব্যতিক্রমধর্মী গ্রাফিতি অঙ্কন কার্যক্রমের আয়োজন করা হয়েছে।

-20260518015836.webp)
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন