চুয়াডাঙ্গা সদর উপজেলার কুন্দিপুর গ্রামের মাঠে নাবলিকা ধর্ষণের মামলায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২১ মে ) ভোরে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, সদর উপজেলার কুন্দিপুর গ্রামের কাদের ব্যাপারীর ছেলে আব্দুল আলী (৪৫), একই এলাকার হোসেন আলীর ছেলে জনি হোসেন (২১) ও আব্দুল কাদেরের ছেলে পলাশ আলী (২০)।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৪ এপ্রিল দুপুরে নাবালিকা বাড়ির পার্শ্ববর্তী মাঠে ছাগল রাখতে যায়। ঠিক ওই সময়ে একই এলাকার মিরাজ আলী, আব্দুল আলী, জনি হোসেনসহ ৪ জন তাকে জোরপূর্বক মুখ চেপে ধরে ভুট্টা খেতে নিয়ে মিরাজ আলী ধর্ষণ করে। অন্যরা মোবাইলে ভিডিও ধারণ করে। তার চিৎকারে এলাকাবাসী গেলে তারা পালিয়ে যায়।
এই ঘটনা ফেসবুকে ভাইরাল হলে দীর্ঘ ১ মাস ৭ দিন পর বুধবার (২০ মে ) রাত ১২ টার দিকে ধর্ষিতার মা সাথী খাতুন বাদি হয়ে আসামিদের নাম উল্লেখ করে সদর থানায় মামলা দায়ের করেন। বৃহস্পতিবার ভোরে কুন্দিপুর গ্রামে পুলিশ অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেপ্তার করে। মূলহোতা মিরাজ আলী পালিয়ে যেতে সক্ষম হয়।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি মিজানুর রহমান ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের দুপুরে চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হয়েছে। ঘটনার মূলহোতা মিরাজ আলীকে ধরতে পুলিশ তৎপর রয়েছে।


