চুয়াডাঙ্গার দর্শনা-জয়নগর সীমান্ত দিয়ে ১১ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির সতর্ক অবস্থান ও কঠোর নজরদারির কারণে সেই চেষ্টা সফল হয়নি। পরে সীমান্ত এলাকা থেকে ওই ব্যক্তিদের সরিয়ে নেয় বিএসএফ।
রোববার (১৪ জুন) ভোর ৪টার দিকে দর্শনা-জয়নগর সীমান্তের ৭৫ নম্বর প্রধান পিলারের কাছে এ ঘটনা ঘটে।
বিজিবি সূত্রে জানা গেছে, দর্শনা আন্তর্জাতিক চেকপোস্টের পাশের ভারতীয় অংশে ৭৫ নম্বর প্রধান পিলারসংলগ্ন এলাকায় ভোরে ১১ জনকে জড়ো করে বিএসএফ। তাদের বাংলাদেশে পাঠানোর প্রস্তুতি চলছিল বলে ধারণা করা হয়।
বিষয়টি জানতে পেরে দ্রুত সীমান্তে অবস্থান জোরদার করে বিজিবি। স্থানীয় বাসিন্দারাও সেখানে উপস্থিত হয়ে বিজিবিকে সহযোগিতা করেন। একপর্যায়ে পরিস্থিতি অনুকূলে না দেখে বিএসএফ তাদের পরিকল্পনা থেকে সরে আসে এবং জড়ো করা ব্যক্তিদের শূন্যরেখা এলাকা থেকে সরিয়ে নেয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, বিএসএফ একাধিকবার ওই ব্যক্তিদের বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করেছিল। তবে বিজিবির তৎপরতায় তা ব্যর্থ হয়েছে। পরে সংশ্লিষ্ট ব্যক্তিদের সীমান্ত এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়।

