ঢাকা সোমবার, ২৭ জুলাই, ২০২৬

বিএনপিও ভোট ইঞ্জিনিয়ারিংয়ের নীলনকশা করছে : হাসনাত আবদুল্লাহ

চুয়াডাঙ্গা সদর প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২৭, ২০২৬, ০৮:৪৭ পিএম
ছবি : সংগৃহীত

আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) সরকারের মতো বিএনপিও ভোট ইঞ্জিনিয়ারিংয়ের নীলনকশা বাস্তবায়নের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও এমপি হাসনাত আবদুল্লাহ।

সোমবার (২৭ জুলাই) বিকেলে চুয়াডাঙ্গা বড়বাজার চৌরাস্তার মোড়ে জেলা এনসিপির আয়োজিত ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ শীর্ষক পথসভায় তিনি এ অভিযোগ করেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে জনগণের ভোট ইঞ্জিনিয়ারিং করে হরণ করেছে। বিএনপি সরকারও একইভাবে ভোট ইঞ্জিনিয়ারিংয়ের নীলনকশা শুরু করেছে। পুলিশ ভাইয়েরা, আপনারা আর কোনো রাজনৈতিক দলের তাবেদার হবেন না। জনগণ যাদের রেড কার্ড দেখিয়েছে, বিএনপি ক্ষমতায় এসে তাদের বিভিন্ন দপ্তরের প্রশাসক হিসেবে বসিয়েছে।

পথসভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা এনসিপির আহ্বায়ক খাজা আমিরুল বাসার বিপ্লব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু, যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম, আলী আহসান জোনায়েদ, সারোয়ার তুষার এবং যুগ্ম সদস্য সচিব মোল্লা মোহাম্মদ ফারুক এহসান।

এ সময় চুয়াডাঙ্গা জেলা এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।