কক্সবাজারের টেকনাফে পাহাড়ি এলাকা থেকে স্থানীয় ছয়জন কৃষককে অপহরণ করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের মিনাবাজার কোনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
অপহৃতরা হলেন : মোহাম্মদ জমির (৩২), শফি আলম (১৩), মোহাম্মদ আলম ওরফে মাহাত আলম (১৮), জাহিদ হোসেন ওরফে মুন্না (৩০), মোজাহের (৬০) এবং মোস্তাক (১২)। তারা সবাই হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই কৃষকরা পাহাড়ের পাদদেশে দিনমজুর হিসেবে কাজ করছিলেন। এ সময় পাহাড়ি অস্ত্রধারীদের একটি দল সেখানে উপস্থিত হয়ে অস্ত্রের মুখে জিম্মি করে তাদের অপহরণ করে নিয়ে যায়।
অপহৃত মোহাম্মদ আলমের বাবা এজাহার হোসেন বলেন, আমার ছেলে প্রতিদিনের মতো মাঠে কাজ করতে গিয়েছিল। হঠাৎ পাহাড়ি অস্ত্রধারীরা এসে সবাইকে জিম্মি করে নিয়ে গেছে। আমরা চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছি।
এ বিষয়ে টেকনাফের হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক খোকন চন্দ্র রুদ্র মুঠোফোনে বলেন, মিনাবাজার কোনাপাড়া পাহাড়ি এলাকা থেকে ছয়জন কৃষক অপহরণের খবর পাওয়া গেছে। অপহৃতদের উদ্ধারে পুলিশের অভিযান চলমান।


