ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

উখিয়া সীমান্তে বিজিবির অভিযানে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার

কক্সবাজার ব্যুরো
প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৬, ১২:১৬ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

কক্সবাজারের উখিয়ায় মাদকবিরোধী অভিযানে মালিকবিহীন ১ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২৯ এপ্রিল) উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. জহিরুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিবির উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) পালংখালী বিওপির একটি বিশেষ টহলদল গতকাল সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী উখিয়া উপজেলার পালংখালীর কাটাখাল নামক স্থানে অভিযান পরিচালনা করে। এ সময় ভারী বৃষ্টির সুযোগে মিয়ানমার থেকে একজন সন্দেহভাজন ব্যক্তি বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা যায়। বিজিবি টহলদল তাকে চ্যালেঞ্জ করলে তিনি বিজিবির উপস্থিতি টের পেয়ে হাতে থাকা একটি প্লাস্টিকের বস্তা ফেলে দ্রুত দৌড়ে মিয়ানমারের দিকে পালিয়ে যান।

পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে বস্তার মধ্যে পেঁচানো খাকি রঙের প্যাকেটের ভেতরে নীল রঙের বায়ুরোধী ১০ কাটে মোট এক লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ব্যাপারে উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, পালিয়ে যাওয়া মাদক চোরাকারবারীকে শনাক্ত করে তাকে গ্রেপ্তারের জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

তিনি আরও জানান, বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সব সময় কঠোর অবস্থান নিয়ে কাজ করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।