ঢাকা রবিবার, ২১ জুন, ২০২৬

রোহিঙ্গা মাঝি কামাল হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও বাদীপক্ষের নিরাপত্তা নিশ্চিতের দাবি

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: জুন ২১, ২০২৬, ০৭:২৩ পিএম
ছবি : সংগৃহীত

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮ এর মাঝি মাওলানা মোহাম্মদ রোজ কামাল হত্যা মামলার আসামিদের প্রকাশ্যে বিচরণ, বাদীপক্ষকে অব্যাহত হুমকি প্রদান এবং তাদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২১ জুন) কক্সবাজার শহরের একটি স্থানীয় হোটেলে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে নিহত মাওলানা মোহাম্মদ রোজ কামালের পরিবার।

লিখিত বক্তব্যে পরিবারের সদস্যরা অভিযোগ করেন, হত্যা মামলার এজাহারভুক্ত আসামি রোমান, ফরিদ, নুরুল আমিন, আরফাত, নুর হাসান, সৈয়দুল আমিন, কামরুল, আবুল ফয়েজ, আইয়ুব, জাবুর আলম, আবুল কাশেম, ফায়সাল, শাহেদ জিয়া, হাশিম, নেজাম উদ্দিন, মোহাম্মদ নুর, নুর মোহাম্মদ ও নাসেরসহ অন্যান্য আসামিরা প্রকাশ্যে চলাফেরা করছে। তারা প্রতিনিয়ত নিহতের পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন ও বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছে বলে দাবি করা হয়।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, গত ৮ মে বালুখালী পানবাজার জুমেরছড়া মুদির দোকানের সামনে রাস্তার উপর দিনেদুপুরে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় রোহিঙ্গা মাঝি মাওলানা মোহাম্মদ রোজ কামালকে। এ ঘটনায় নিহতের মা হালিমা খাতুন বাদী হয়ে (উখিয়া থানায় মামলা নং-২০, জিআর-২৪৪, তাং-৮ মে/২০২৬) মামলা দায়ের করেন। হত্যা মামলাটি দায়ের হওয়ার পর দীর্ঘ সময় অতিবাহিত হলেও ২৭ জন এজাহার নামীয় আসামির মধ্যে একজন আসামিকে গ্রেপ্তার করেনি উখিয়া থানা পুলিশ। ফলে বাদীপক্ষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। আসামিদের অবাধ বিচরণের কারণে সাক্ষী ও পরিবারের সদস্যরা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন বলেও অভিযোগ করেন তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হালিমা খাতুন, বোন আসমা আকতার ও জান্নাত আরা বেগম দাবি করেন, মিয়ানমারে নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নিয়ে এখানেও বিভিন্নভাবে নির্যাতনের শিকার হচ্ছে রোহিঙ্গাদের হাতে।

এ সময় নিহতের পরিবারের পক্ষ থেকে দ্রুত সকল আসামিকে গ্রেপ্তার, মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করা এবং বাদী ও সাক্ষীদের নিরাপত্তা প্রদানের জন্য সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়।

সংবাদ সম্মেলনে নিহত মাওলানা মোহাম্মদ রোজ কামালের পরিবারের সদস্যসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।