ঢাকা শনিবার, ১৩ জুন, ২০২৬

ভোটার স্লিপের সঙ্গে টাকা বিতরণের সময় বিএনপির দুই নেতা আটক

রূপালী ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০৫:৫৭ পিএম
কুমিল্লায় ভোটার স্লিপের সঙ্গে টাকা বিতরণের সময় বিএনপির দুই নেতা আটক। ছবি- সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রামে ভোটার স্লিপের সঙ্গে টাকা বিতরণের সময় বিএনপির দুই নেতাকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন গুনবতী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান ও খাটরা গ্রামের ফকির মেম্বার।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার গুনবতী ইউনিয়নের খাটরা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছেন, তারা বাড়ি বাড়ি গিয়ে ভোটার স্লিপের সঙ্গে টাকা বিতরণ করছিলেন। খবর পেয়ে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা স্থানীয় ব্যবসায়ী শাহিনের বাড়ি থেকে তাদের আটক করেন এবং ২০০ টাকা নোটের দুটি বান্ডেল জব্দ করেন। পরে তাদের জামায়াতের স্থানীয় নির্বাচনি কার্যালয়ে নিয়ে আসা হয়।

কনকাপৈত পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক মোজাম্মেল হক বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে স্থানীয়দের হস্তক্ষেপে বিষয়টি মীমাংসা করা হয় এবং জব্দ টাকাসহ নেতাদের ছেড়ে দেওয়া হয়।

চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল হোসেন এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং প্রশাসনের প্রতি পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন।