কুমিল্লার লাকসাম পৌর শহরে আবুল খায়ের গ্রুপের একটি সিগারেট কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার (২৫ মার্চ) রাত পৌনে ৯টার দিকে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ফতেপুর এলাকায় অবস্থিত কারখানাতে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। এতে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ করেই কারখানার ভেতর থেকে আগুনের লেলিহান শিখা দেখা যায়। এ সময় শ্রমিকরা চিৎকার করে দ্রুত বাইরে বেরিয়ে আসেন এবং সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসে খবর দেন।
খবর পেয়ে লাকসাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই কারখানার ভেতরে থাকা আসবাবপত্র ও বিভিন্ন মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
কারখানার এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, এ ঘটনায় অন্তত ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. কবিরুল ইসলাম বলেন, ‘বৈদ্যুতিক শর্টসার্কিটের ফলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টায় আগুন নেভাতে সক্ষম হই। ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে কারখানাটি রক্ষা পেয়েছে।’


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন