দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করেছে পুলিশ এবং ট্রাকের হেলপারকে আটক করা হয়েছে।
শনিবার (২৩ মে) সকাল প্রায় ৯টার দিকে উপজেলার রানীগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঘোড়াঘাট থানার ওসি শহিদুল ইসলাম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি মোটরসাইকেলে তিনজন আরোহী ছিলেন। রানীগঞ্জ বাজার এলাকায় দিনাজপুর–গোবিন্দগঞ্জ মহাসড়কে মোটরসাইকেলটি উঠলে দিনাজপুর থেকে ছেড়ে আসা একটি ট্রাক সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার এবং দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করে। একই সঙ্গে ট্রাকের হেলপারকে আটক করে থানায় নেওয়া হয়েছে।
নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।


