দিনাজপুরের ফুলবাড়ীতে সীমান্তবর্তী এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১৮ জুলাই) সকালে কমলপুর ইউনিয়নের রড়গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনাজপুর সেক্টরের তত্ত্বাবধানে এবং ফুলবাড়ী ২৯ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার ও উপ-মহাপরিচালক কর্নেল মোহাম্মদ ফয়সার হাসান খান। এ সময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী ২৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফ উজ জামান, দিনাজপুর সেক্টরের ভারপ্রাপ্ত সিনিয়র মেডিকেল অফিসার ক্যাপ্টেন এস এম মাহদী জামান, সহকারী পরিচালক মিজানুর রহমান, সহকারী পরিচালক আব্দুল্লাহ-আল-মামুন এবং ফুলবাড়ী থানার ওসি মোহাম্মদ নূরনবীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
প্রধান অতিথির বক্তব্যে কর্নেল মোহাম্মদ ফয়সার হাসান খান বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান, মাদক, মানবপাচার ও অস্ত্রপাচার প্রতিরোধে বিজিবি পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। একই সঙ্গে সীমান্তবাসীর জীবনমান উন্নয়ন, সামাজিক কল্যাণ এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেও বাহিনীটি বিভিন্ন মানবিক কর্মসূচি বাস্তবায়ন করছে।
তিনি আরও বলেন, দেশের যেকোনো দুর্যোগ, সংকট বা মানবিক বিপর্যয়ে বিজিবি সবসময় সাধারণ মানুষের পাশে থেকেছে এবং ভবিষ্যতেও থাকবে। বিজিবি মহাপরিচালকের মূলনীতি ‘বিজিবি সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক’ বাস্তবায়নে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া হবে। এতে সীমান্তবাসীর দুর্ভোগ কমার পাশাপাশি বিজিবির সঙ্গে স্থানীয় জনগণের পারস্পরিক আস্থা আরও সুদৃঢ় হবে।
ফুলবাড়ী ২৯ বিজিবি সূত্র জানায়, সীমান্তবর্তী এলাকার মানুষের জীবনমান উন্নয়নে বিজিবি নিয়মিতভাবে ত্রাণ বিতরণ, দুর্যোগকালীন উদ্ধার ও খাদ্য সহায়তা, বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ ও শিক্ষাসামগ্রী বিতরণসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
এ কর্মসূচির আওতায় শনিবার সীমান্ত এলাকায় বসবাসকারী পাঁচ শতাধিক নারী, পুরুষ ও শিশুকে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। পাশাপাশি প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়।

