ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মাদক বিক্রির অভিযোগে যুবকের মাথা ন্যাড়া, ভিডিও ভাইরাল

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৬, ০৩:৫৪ পিএম
যুবকের মাথা ন্যাড়া। ছবি : সংগৃহীত

ফরিদপুরের সালথা উপজেলায় মাদক বিক্রির অভিযোগে জুনায়েদ ওরফে জুনা (১৮) নামে এক যুবকের মাথা ন্যাড়া করে দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।

শনিবার (৪ এপ্রিল) সকাল থেকে ৫৭ সেকেন্ডের ওই ভিডিওটি অনলাইনে ভাইরাল হয়। জানা গেছে, উপজেলার গট্টি ইউনিয়নের ভাবুকদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী জুনায়েদ ওই গ্রামের সামাদ মিয়ার ছেলে।

ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি কাঁচি দিয়ে জুনায়েদের মাথার চুল কেটে দিচ্ছেন এবং আশপাশে দাঁড়িয়ে থাকা লোকজন তা দেখছেন। এ সময় কয়েকজন মোবাইল ফোনে ঘটনাটি ধারণ করেন।

স্থানীয়দের দাবি, জুনায়েদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকায় গাঁজা ও ইয়াবা বিক্রির অভিযোগ ছিল। এ বিষয়ে তাকে একাধিকবার সতর্ক করা হলেও তিনি তা অব্যাহত রাখেন। শুক্রবার রাতে কয়েকজন বহিরাগত ব্যক্তি তার কাছে মাদক কিনতে এলে বিষয়টি টের পেয়ে স্থানীয়রা তাকে আটক করেন। পরে উত্তেজিত জনতা প্রকাশ্যে তার মাথা ন্যাড়া করে প্রতিবাদ জানান।

ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন জানান, চুল কাটার সময় জুনায়েদ নিজের ভুল স্বীকার করে ভবিষ্যতে মাদক ব্যবসায় জড়াবে না বলে আশ্বাস দিলে তাকে ছেড়ে দেওয়া হয়। তবে অনেকেই মনে করছেন, তাকে এভাবে ছেড়ে না দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া উচিত ছিল।

এ বিষয়ে সালথা থানার ওসি (তদন্ত) ইন্দ্রজিৎ মল্লিক বলেন, ঘটনাটি তার জানা নেই এবং তিনি বিষয়টি খোঁজ নিয়ে দেখছেন।