ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

জমি কম পাওয়ায় বাবার কবর ভাঙচুর করল ছেলে

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ২৫, ২০২৬, ০৮:৫৩ এএম
বাবার কবরের বেড়া ভাঙচুর করে ছেলে। ছবি : সংগৃহীত

গাইবান্ধায় জমির অংশ কম পাওয়ায় ছোট ছেলের বিরুদ্ধে বাবার কবর ভাঙচুরের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৪ মার্চ) দেড়টার দিকে গাইবান্ধা সদর উপজেলার আনালের তাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড দক্ষিণ আনালের তারি গ্রামের মৃত আব্দুল মান্নান মিয়া ৪ বিঘা সম্পত্তি। তিনি মারা যাওয়ার আগে ৫ ছেলেকে বণ্টন করে দেন।

মূলত দ্বিতীয় ছেলে ইকবাল মিয়াকে জায়গা বেশি দেওয়ার অভিযোগে ছোট ছেলে শাহ আলম মিয়া শালু মঙ্গলবার দেড়টার দিকে তার বাবার কবরের ওপর ওঠে ঘিরে দেওয়া জায়গা ভাঙচুর করেন। দ্বিতীয় ছেলে ইকবাল মিয়ার জায়গায় কবরস্থানটি ছিল। পঞ্চম ছেলে শাহ আলম মিয়া শালু (ছোট) জায়গা কম দেওয়া ও এই জায়গাটি তার নিজের বলে দাবি করেন।

স্থানীয়দের অভিযোগ, অবসরপ্রাপ্ত সেনা সদস্য হওয়ায় এলাকায় প্রভাব বিস্তার করে আসছে ছোট ছেলে। তার বিরুদ্ধে কেউ কথা বললে বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দিয়ে আসছে।

এ ঘটনায় আমজাদ নামের এক স্থানীয় বলেন, ঘটনাটি দুঃখজনক। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেইসঙ্গে এই ছেলের শাস্তির দাবি করছি।

এ বিষয়ে মৃত আব্দুল মান্নান মিয়ার ছোট ছেলে শাহ আলম মিয়া শালুর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে মুঠোফোনে তাকে পাওয়া যায়নি। অপরদিকে তার চার ভাইয়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আনালের তারি গ্রামের ইউপি সদস্য আব্দুল হাই। 

তিনি বলেন, ঘটনাটি শোনার পরপরই ঘটনাস্থলে স্থানীয়দের নিয়ে বিষয়টি সমাধান করা হয়েছে। ছেলেটি যে ঘটনাটি ঘটিয়েছে এটি আসলে অত্যন্ত দুঃখজনক ঘটনা।