ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

গাজীপুরে পরিত্যক্ত বাড়ি থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলির খোসা উদ্ধার

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০৬:৩৫ এএম
পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার হওয়া অস্ত্র ও গুলির খোসা। ছবি : রূপালী বাংলাদেশ

গাজীপুর মহানগরীর সদর থানা এলাকায় অভিযান চালিয়ে একটি পরিত্যক্ত বাড়ি থেকে একটি অবৈধ আগ্নেয়াস্ত্র ও দুটি গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পক্ষ থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে সদর থানা পুলিশ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে সদর থানাধীন ভাওয়াল পূর্বপাড়া এলাকায় অবস্থিত একটি পরিত্যক্ত বাড়ির দক্ষিণ পাশের কোণা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি অবৈধ আগ্নেয়াস্ত্র (রিভলভার) এবং দুটি গুলির খোসা উদ্ধার করা হয়। তবে অভিযান চলাকালে কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানায় পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া অস্ত্রটি কীভাবে সেখানে রাখা হয়েছিল এবং এর সঙ্গে কোনো অপরাধী চক্রের সম্পৃক্ততা রয়েছে কিনা—সে বিষয়ে তদন্ত করা হচ্ছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত অস্ত্রের উৎস ও সংশ্লিষ্টদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে স্থানীয়রা জানান, পরিত্যক্ত বাড়িটি দীর্ঘদিন ধরে ফাঁকা থাকায় সেখানে অপরাধীদের আনাগোনার আশঙ্কা ছিল। পুলিশের এ অভিযানের ফলে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানান তারা।