ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

জৈব সার উৎপাদন ও বিপণনে ব্রি-এসিআইয়ের সমঝোতা

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০২:৪৬ পিএম
ব্রি ও এসিআইয়ের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ছবি : রূপালী বাংলাদেশ

দেশে পরিবেশবান্ধব ও টেকসই কৃষি ব্যবস্থাকে এগিয়ে নিতে অর্গানিক সার উৎপাদন এবং বাজারজাতকরণের লক্ষ্যে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) এবং দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (এসিআই) পিএলসির মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সোমবার (৯ সোমবার) সকালে গাজীপুরে অবস্থিত বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালকের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। 

এতে কৃষি উৎপাদন ব্যবস্থায় জৈব সার ব্যবহারের প্রসার, মাটির স্বাস্থ্য উন্নয়ন এবং পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তি সম্প্রসারণে যৌথভাবে কাজ করার বিষয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান। 

তিনি বলেন, আধুনিক কৃষিতে টেকসই উৎপাদন বজায় রাখতে অর্গানিক বা জৈব সারের ব্যবহার বাড়ানো অত্যন্ত জরুরি। ব্রি দীর্ঘদিন ধরে গবেষণার মাধ্যমে কৃষকদের জন্য কার্যকর প্রযুক্তি উদ্ভাবন করে আসছে। শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে যৌথ উদ্যোগে এ প্রযুক্তি মাঠ পর্যায়ে দ্রুত পৌঁছানো সম্ভব হবে।

বিশেষ অতিথি ছিলেন ব্রি’র পরিচালক (প্রশাসন) ড. মন্নুজান খানম। তিনি বলেন, কৃষকদের উৎপাদন খরচ কমানো এবং মাটির উর্বরতা ধরে রাখতে জৈব সার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এই চুক্তি কৃষি খাতে ইতিবাচক পরিবর্তন আনবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন এসিআই গ্রুপের গ্রুপ অ্যাডভাইজর ড. ফা হ আনসারী। তিনি বলেন, গবেষণা প্রতিষ্ঠান ও শিল্পপ্রতিষ্ঠানের যৌথ উদ্যোগ কৃষি প্রযুক্তি বাস্তবায়নে নতুন দিগন্ত খুলে দেয়। এসিআই দেশের কৃষকদের কাছে উন্নতমানের ও নিরাপদ কৃষি উপকরণ পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রি’র পরিচালক (গবেষণা) ড. মো. রফিকুল ইসলাম। তিনি বলেন, গবেষণালব্ধ প্রযুক্তিকে মাঠ পর্যায়ে প্রয়োগের মাধ্যমে কৃষকদের উপকার নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ব্রি’র পক্ষে মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান এবং এসিআই পিএলসির পক্ষে গ্রুপ অ্যাডভাইজর ড. ফা হ আনসারী।

অনুষ্ঠানে ব্রি ও এসিআইর ঊর্ধ্বতন কর্মকর্তা, গবেষক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা মনে করছেন, এ উদ্যোগ দেশের কৃষিতে পরিবেশবান্ধব সার ব্যবহারের প্রসার ঘটাবে এবং কৃষি উৎপাদনকে আরও টেকসই করে তুলবে।