ঢাকা শনিবার, ১৩ জুন, ২০২৬

গাজীপুরে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছে নির্বাচনি সামগ্রী

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০৪:৪৪ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে গাজীপুর জেলাজুড়ে শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন প্রশাসন। ভোটগ্রহণের আগের দিন বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকেই কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে জেলার প্রতিটি ভোটকেন্দ্রে ব্যালট বাক্স, ব্যালট পেপারসহ নির্বাচনি সকল আনুষঙ্গিক সরঞ্জাম পাঠানো হয়েছে।

গাজীপুরের পাঁচটি সংসদীয় আসনের মোট ৯৩৫টি ভোটকেন্দ্রে বুধবার সকাল থেকে পর্যায়ক্রমে নির্বাচনি সামগ্রী পৌঁছে দেওয়া হয়। জেলা প্রশাসকের কার্যালয় ও উপজেলা পর্যায়ের বিতরণ কেন্দ্র থেকে প্রিসাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসারদের কাছে এসব সরঞ্জাম বুঝিয়ে দেওয়া হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে সেগুলো সংশ্লিষ্ট কেন্দ্রে পৌঁছানো হয়।

আজ সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। নির্বাচনকে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রতিটি কেন্দ্রে পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। এ ছাড়া সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, পুরো জেলায় সর্বমোট ১৭ হাজার ৫১৫ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এর পাশাপাশি গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থাও নেওয়া হয়েছে।

এবারের নির্বাচনে গাজীপুর জেলার পাঁচটি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ২৭ লাখ ৩৮ হাজার ২৪৯ জন। এসব ভোটারের ভোটে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪২ জন প্রার্থী।

গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার সাজ্জাদ হোসেন বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রিসাইডিং অফিসারদের নেতৃত্বে ব্যালট পেপার, ব্যালট বাক্সসহ প্রয়োজনীয় সব নির্বাচনি সামগ্রী কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে। আমরা আশা করছি, ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।

নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে জেলার বিভিন্ন এলাকায় ভোটারদের মধ্যেও উৎসবমুখর পরিবেশ লক্ষ করা যাচ্ছে। নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন ভোটাররাও।