গাজীপুরের কাশিমপুরে পুলিশের তাৎক্ষণিক তৎপরতায় অপহরণচক্রের সদস্যরা পালিয়ে গেলেও তাদের ফেলে যাওয়া একটি প্রাইভেটকার থেকে মতিন নামের এক ব্যক্তিকে চোখ ও হাত বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৭ মার্চ) দুপুরে কাশিমপুরের সারদাগঞ্জ এলাকায় এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, অন্য একটি মামলার আসামি গ্রেপ্তারের উদ্দেশ্যে অভিযান চলাকালে একটি সাদা প্রাইভেটকারে থাকা কয়েকজনের আচরণ সন্দেহজনক মনে হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়িতে থাকা তিনজন ব্যক্তি দ্রুত প্রাইভেটকারটি ফেলে পালিয়ে যায়।
এ সময় কাশিমপুর থানার ওসি মোল্লা মো. খালিদ হাসানের নেতৃত্বে পুলিশ তাদের ধাওয়া করলেও কাউকে আটক করা সম্ভব হয়নি।
পরে প্রাইভেটকারটি তল্লাশি করে পুলিশ ভেতরে এক ব্যক্তিকে হাত ও চোখ বাঁধা অবস্থায় দেখতে পায়। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে নিরাপদ স্থানে নেওয়া হয়।
উদ্ধার হওয়া ব্যক্তির নাম মো. মতিন। তিনি কাশিমপুর থানার বাগবাড়ী এলাকার বাসিন্দা।
ভুক্তভোগী মতিন জানান, শুক্রবার সকালে নিজ এলাকায় একা থাকা অবস্থায় পাঁচজনের একটি দল তাকে জোরপূর্বক অপহরণ করে। তারা তার চোখ ও হাত বেঁধে প্রাইভেটকারে তুলে নেয়। পরে দলের কয়েকজন চলে গেলে তিনজন তাকে নিয়ে সারদাগঞ্জ এলাকার সারাবোতে অবস্থান নেয়।
তিনি আরও জানান, অপহরণকারীরা নিজেদের পুলিশ পরিচয় দিয়ে তার কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ ছাড়া তার শ্যালিকার মোবাইল নম্বরে ফোন করেও একই পরিমাণ টাকা দাবি করা হয়।
তবে অপহরণকারীদের মুখে মাস্ক থাকায় তিনি কাউকে শনাক্ত করতে পারেননি বলে জানান।
কাশিমপুর থানার ওসি মোল্লা মো. খালিদ হাসান বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা গাড়ি ফেলে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, পলাতক অপহরণকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


