ঢাকা শনিবার, ১৩ জুন, ২০২৬

যারা খেলা বোঝে তারা ব্রাজিল করে : অপু বিশ্বাস

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুন ১৩, ২০২৬, ০৬:২৫ পিএম
ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। ছবি: সংগৃহীত

বাংলাদেশ বিশ্বকাপে অংশ না নিলেও ফুটবল বিশ্বকাপ ঘিরে দেশের কোটি দর্শকের মতোই উচ্ছ্বাসে মেতে ওঠেন দেশের তারকা অঙ্গন। এর মাঝেই নাম চলে আসে ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসের। অভিনয়ের ব্যস্ততার মাঝেও ফুটবলের প্রতি তার ভালোবাসা বরাবরই আলোচনায় থাকে।

সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রিয় দল ও প্রিয় খেলোয়াড় সম্পর্কে কথা বলতে গিয়ে অপু বিশ্বাস জানান, তিনি দীর্ঘদিন ধরেই ব্রাজিলের সমর্থক। পাশাপাশি ব্যক্তিগতভাবে দুই ফুটবল তারকার প্রতিও তার বিশেষ পছন্দ রয়েছে।

তিনি বলেন, ‘আমি নেইমারকে অনেক পছন্দ করি। তার খেলা, মাঠের উপস্থিতি সবকিছুই আমার ভালো লাগে। আর ব্যক্তিত্বের দিক থেকে মেসিকে আমার পছন্দ।’

নিজে ব্রাজিলের কট্টর সমর্থক হলেও তার ছেলে আব্রাম খান জয় সমর্থন করে আর্জেন্টিনাকে। বিষয়টি নিয়ে হাস্যরসের সুরে অপু বলেন, ‘আমি ব্রাজিলের কট্টর সমর্থক। যারা খেলা বোঝে তারা ব্রাজিল করে। ব্রাজিলের খেলোয়াড়দের খেলায় আলাদা একটা ছন্দ আছে। তবে শুধু ব্রাজিলের সমর্থক হলে তো চলবে না, অন্য দলের সমর্থকও দরকার। তা না হলে খেলা দেখে মজা থাকবে না। আমার ছেলে জয় আর্জেন্টিনা করে, সে মেসির ভক্ত।’

বিশ্বকাপ ফুটবলকে কেবল একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, বরং একটি উৎসব হিসেবেই দেখেন এই অভিনেত্রী। বিশ্বকাপের সময় পরিবারের সঙ্গে রাত জেগে খেলা দেখার অভিজ্ঞতার কথাও তুলে ধরেন তিনি।

অপু বিশ্বাস বলেন, ‘বিশ্বকাপ ফুটবল মানেই উত্তেজনায় ভরপুর এক পরিবেশ। বিশ্বকাপকে কেন্দ্র করে ঈদের মতো একটা আমেজ তৈরি হয়। অনেক সময় রান্নাবান্না শেষ করে টেলিভিশনের সামনে বসে যাই। রাত দুইটা-তিনটা বেজে গেলেও দেখা যায় আমরা খেলা দেখছি।’