ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কোনাবাড়িতে ফুটপাত দখলমুক্তে অভিযান, পরিদর্শনে সিটি প্রশাসক

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৬, ০৮:১৪ এএম
ছবি : রূপালী বাংলাদেশ

গাজীপুরের কোনাবাড়ি এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে বিশেষ অভিযান চালিয়েছে সিটি করপোরেশন। নগরবাসীর চলাচল নির্বিঘ্ন করতে এ উদ্যোগ নেওয়া হয়।

সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকারের নির্দেশে কোনাবাড়ি বাসস্ট্যান্ড ও নতুন বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (অঞ্চল-৭) নাজরাতুন নাঈম।

অভিযানে ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা, ভাসমান দোকানপাট, টংঘরসহ বিভিন্ন প্রতিবন্ধকতা উচ্ছেদ করা হয়। এতে দীর্ঘদিন ধরে দখলে থাকা ফুটপাতগুলো পথচারীদের জন্য উন্মুক্ত হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, ফুটপাত দখলমুক্ত হওয়ায় যানজট কিছুটা কমেছে এবং চলাচলে স্বস্তি ফিরেছে। বিশেষ করে কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও নারী পথচারীরা এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন।

অভিযান শেষে সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার দখলমুক্ত এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়মিত তদারকি জোরদার করার নির্দেশ দেন, যাতে পুনরায় দখল না হয়। পাশাপাশি নগরবাসীকেও সচেতন থাকার আহ্বান জানান।

পরিদর্শনকালে কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হোসেনসহ স্থানীয় বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

স্থানীয়দের মতে, এ ধরনের অভিযান নিয়মিত হলে ফুটপাত দখলমুক্ত রাখা সম্ভব হবে এবং নগরের শৃঙ্খলা আরও উন্নত হবে।