ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

তিন ঘণ্টা পর স্বাভাবিক হলো ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৬, ০৬:০২ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকায় ট্রাকচালকদের পেটানোর অভিযোগকে কেন্দ্র করে টানা তিনঘণ্টা অবরোধের পর স্বাভাবিক হয়েছে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল।

বুধবার (৮ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে জৈনাবাজারে আহম্মদ সিএনজি অ্যান্ড ফিলিং স্টেশনের সামনে ট্রাক ও কাভার্ড ভ্যানের চালক-হেলপাররা মহাসড়ক অবরোধ করেন। এতে ঢাকামুখী ও ময়মনসিংহমুখী উভয় পাশে ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন দূরপাল্লার বাসের যাত্রী, পণ্যবাহী যানবাহনের চালকসহ সাধারণ মানুষ।

দুপুর ২ টা ৩০ মিনিটে আন্দোলন শুরু হয়, বিকেল ৫ টা ৩০ মিনিট আন্দোলন শেষ হয়।

প্রত্যক্ষদর্শী ও বিক্ষোভকারী চালকদের ভাষ্য, মহাসড়কের পাশে তেল নেওয়ার জন্য দাঁড়িয়ে থাকাকালে মাওনা হাইওয়ে থানা-পুলিশ তাদের ওপর চড়াও হয়। এ সময় দুই থেকে তিনজন চালককে মারধর করে আহত করা হয় বলে অভিযোগ করেন তারা। আহতদের মধ্যে একজন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে তারা সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন।

তবে অভিযোগ অস্বীকার করেছেন মাওনা হাইওয়ে থানার ওসি কামরুজ্জামান। তিনি বলেন, চালকেরা মহাসড়কে তিন লাইনে যানবাহন দাঁড় করিয়ে যানজট তৈরি করছিলেন। তাদের সরে যেতে বলা হলেও তারা নির্দেশনা মানেননি। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।

পুলিশ ও স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে বিকেল সাড়ে পাঁচটার দিকে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন। এরপর ধীরে ধীরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

দীর্ঘ তিন ঘণ্টা অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহন আটকে পড়ে। এতে যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছে। সন্ধ্যার দিকে পরিস্থিতি স্বাভাবিক হলে আটকে পড়া যানবাহনগুলো গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।