ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ইবনে সিনার কর্মচারী হত্যা, দুই আসামি গ্রেপ্তার

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৬, ০৮:৩৫ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় সংঘটিত আলোচিত সাফিকুল ইসলাম ওরফে বুলবুল হত্যা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন রাখালিয়াচালার মোজাম্মেল হকের ছেলে আফজাল হোসেন মাসুদ (২৩) এবং একই এলাকার আব্দুল জলিলের ছেলে রিপন হোসেন (২৪)।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৫ এপ্রিল রাতে সফিপুর আনসার একাডেমি সংলগ্ন এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কর্মচারী সাফিকুল ইসলাম বুলবুলকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে হত্যা করে। পরে তার মরদেহ আনসার একাডেমির এক নম্বর গেটের পাশের এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়।

নিহত বুলবুল সেদিন রাত ১০টার দিকে সফিপুর ফ্লাইওভারের নিচে তার স্ত্রী ফরিদাকে কর্মস্থল থেকে আনার জন্য অপেক্ষা করছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত অটোরিকশায় এসে তার কাছে থাকা মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নিতে চায়। তিনি বাধা দিলে তাকে টানা-হেঁচড়া করে এবং এক পর্যায়ে বাম উরুতে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। পরে তার মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় বুলবুল দৌড়ে আনসার একাডেমির দিকে যাওয়ার চেষ্টা করলে পথেই একটি খাদে পড়ে তার মৃত্যু হয়।

পরদিন ১৬ এপ্রিল সকাল ৬টার দিকে স্থানীয় লোকজন ও নিহতের স্ত্রী ফরিদা মরদেহটি শনাক্ত করেন। এ ঘটনায় নিহতের ছেলে শ্রাবণ বাদী হয়ে কালিয়াকৈর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার পর কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম পিপিএমের দিকনির্দেশনায় পুলিশের একটি দল শুক্রবার রাতে উপজেলার সফিপুর বউবাজার এলাকায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত আফজাল হোসেন মাসুদ ও রিপন হোসেনকে গ্রেপ্তার করে। এ সময় নিহতের ব্যবহৃত মোবাইল ফোনও উদ্ধার করা হয়।

পরে গ্রেপ্তারকৃত আসামিদের শনিবার সকালে আদালতে সোপর্দ করা হলে তারা স্বেচ্ছায় ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম জানান, ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কর্মচারী হত্যার ঘটনায় দুইজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। জড়িত আরও আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।