রাজধানীর পান্থপথে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন ওয়েস্টফিল্ড আল্ট্রাসাউন্ড একাডেমির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ মে) সকালে ওয়েস্টফিল্ড আল্ট্রাসাউন্ড একাডেমির ক্যাম্পাসে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। বক্তব্যে তিনি বলেন, আধুনিক চিকিৎসা ব্যবস্থায় আল্ট্রাসনোগ্রাম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কার্যকর ডায়াগনস্টিক পদ্ধতি। চিকিৎসকদের জন্য মানসম্মত আল্ট্রাসনোগ্রাম প্রশিক্ষণ সময়ের দাবি।
তিনি আরও বলেন, প্রযুক্তিনির্ভর দক্ষতা চিকিৎসকদের রোগ নির্ণয়ে আরও আত্মবিশ্বাসী ও কার্যকর করে তোলে। বিশ্বের উন্নত দেশগুলোতে অনেক চিকিৎসক নিজ চেম্বারেই আল্ট্রাসনোগ্রাম সুবিধা ব্যবহার করেন, ফলে রোগ নির্ণয় দ্রুত ও কার্যকর হয়। এতে রোগীর সময় সাশ্রয়ের পাশাপাশি চিকিৎসকের প্রতি আস্থা ও বিশ্বাসও বৃদ্ধি পায়।
প্রফেসর ড. খান বলেন, বর্তমানে এ ধরনের সেবা এখনও অনেকাংশে শহরকেন্দ্রিক। তাই প্রান্তিক জনগোষ্ঠীর কাছেও এ সেবা পৌঁছে দিতে হবে। দক্ষতা উন্নয়ন, প্রচারণা ও সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে মানবসেবাকে আরও বিস্তৃত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় যেভাবে শিক্ষার বিস্তার ও মানবসেবায় কাজ করছে, তেমনি সবাইকেও স্কিল ডেভেলপমেন্ট ও মানবসেবামূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।
তিনি আরও বলেন, ‘সরকার স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে। ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে দক্ষ আল্ট্রাসনোগ্রাম প্রশিক্ষণ এ লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’ প্রতিষ্ঠানটি দেশের চিকিৎসকদের দক্ষতা উন্নয়ন ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি লক্ষ্য অর্জনে সবাইকে আন্তরিকভাবে সচেষ্ট থাকার আহ্বান জানান।
ওয়েস্টফিল্ড আল্ট্রাসাউন্ড একাডেমির কোর্স কো-অর্ডিনেটর ডা. কানিজ ফাতেমার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (রেডিওলজি ও ইমেজিং বিভাগের চেয়ারম্যান) ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সহ-সভাপতি অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নিউমার্কেট থানা সভাপতি এস এম মতিউর রহমান।
এ ছাড়াও অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাউবির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) টি. এম. আহমেদ হুসেইন, স্কুল অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির অধ্যাপক (মেডিকেল সায়েন্স) ডা. সরকার মো. নোমান এবং বিশিষ্ট চিকিৎসক মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফজলে বারী সোহেল এবং পাঁপড়ি। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের চিকিৎসক ও সুধীজন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রাজধানীর পান্থপথ সিগন্যাল সংলগ্ন গ্রিন রোডের গুডলাক সেন্টারের (দ্বিতীয় তলা) এই একাডেমিটি অবস্থিত, যা চিকিৎসকদের পেশাগত দক্ষতা উন্নয়নে বিশেষ কোর্স পরিচালনা করবে।


