গাজীপুরের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. হাবিবুর রহমানের বদলির আদেশ বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর। ফলে তিনি আগের মতোই কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিজ পদে দায়িত্ব পালন করবেন।
স্বাস্থ্য অধিদপ্তরের জারি করা সংশোধিত প্রজ্ঞাপনে পূর্বে দেওয়া বদলির আদেশ বাতিল করে ডা. হাবিবুর রহমানকে বর্তমান কর্মস্থলেই দায়িত্ব অব্যাহত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
ডা. হাবিবুর রহমান দীর্ঘদিন ধরে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালন করে আসছেন। তার বদলির সংবাদ প্রকাশের পর স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। পরে বদলির আদেশ বাতিল হওয়ায় সংশ্লিষ্ট মহলে স্বস্তি ফিরে এসেছে।
স্থানীয়দের মতে, উপজেলার স্বাস্থ্যসেবার ধারাবাহিকতা বজায় রাখতে এবং চলমান কার্যক্রমকে আরও গতিশীল করতে অভিজ্ঞ এই কর্মকর্তাকে দায়িত্বে বহাল রাখার সিদ্ধান্ত সময়োপযোগী। তারা আশা প্রকাশ করেন, ডা. হাবিবুর রহমানের নেতৃত্বে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে।
উল্লেখ্য, সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রজ্ঞাপনে ডা. হাবিবুর রহমানকে বর্তমান কর্মস্থল থেকে বদলির নির্দেশ দেওয়া হয়েছিল। তবে পরবর্তীতে সেই আদেশ সংশোধন করে তাকে পুনরায় কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পদে বহাল রাখা হয়েছে।

