বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে ‘একাডেমিক লেখালেখিতে কপিরাইট, উন্মুক্ত শিক্ষাসামগ্রী (OER) ও চৌর্যবৃত্তি’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ জুন) সকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কনফারেন্স হলে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাউবির উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান জ্ঞানভিত্তিক বিশ্বে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের শুধু পাঠদানেই সীমাবদ্ধ থাকলে চলবে না। সৃজনশীলতা, গবেষণা, একাডেমিক সততা এবং মৌলিক চিন্তার বিকাশের মাধ্যমে জ্ঞান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। গবেষণা ও লেখালেখিতে নৈতিকতা, কপিরাইট এবং মেধাস্বত্ব সংরক্ষণের বিষয়েও সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
তিনি আরও বলেন, প্লেজিয়ারিজম ও কপিরাইট লঙ্ঘন একজন শিক্ষকের ব্যক্তিগত মর্যাদা, পেশাগত সুনাম এবং প্রতিষ্ঠানের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তাই গবেষণা ও প্রকাশনার ক্ষেত্রে সততা, দায়িত্বশীলতা ও সর্বোচ্চ সতর্কতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
ড. সিরাজুল ইসলাম বলেন, এ ধরনের প্রশিক্ষণ শুধু আনুষ্ঠানিকতা নয়; বরং জ্ঞান, অভিজ্ঞতা ও নতুন ধারণা বিনিময়ের একটি কার্যকর প্ল্যাটফর্ম। তথ্যপ্রযুক্তির ইতিবাচক ব্যবহার, সৃজনশীল চিন্তার বিকাশ এবং আন্তর্জাতিক মানসম্পন্ন গবেষণা ও প্রকাশনার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক উৎকর্ষ বাড়াতে শিক্ষকদের আন্তরিকভাবে কাজ করতে হবে।
আইকিউএসি-এর পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জহির রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠানে তিনি বলেন, প্রযুক্তিনির্ভর বর্তমান শিক্ষা ব্যবস্থায় শিক্ষকদের দায়িত্ব আগের চেয়ে অনেক বেড়েছে। শ্রেণিকক্ষে পাঠদানের পাশাপাশি গবেষণা, একাডেমিক রাইটিং, ওপেন এডুকেশনাল রিসোর্স (OER), কপিরাইট, মেধাস্বত্ব সংরক্ষণ এবং প্লেজিয়ারিজম প্রতিরোধ বিষয়ে সম্যক জ্ঞান অর্জন সময়ের দাবি। তিনি প্রশিক্ষণে অর্জিত জ্ঞান নিজ নিজ একাডেমিক ও গবেষণা কার্যক্রমে কাজে লাগানোর আহ্বান জানান।
প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি)-এর বিজনেস অ্যান্ড টেকনোলজি ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদ। তিনি ২০২৬ সালের একাডেমিক পরিবর্তনের ধারা, খাঁটি মূল্যায়ন, 'কপি-পেস্ট' সংস্কৃতি প্রতিরোধ, এআই-সমৃদ্ধ গবেষণায় বুদ্ধিবৃত্তিক সম্পদের সুরক্ষা, উন্মুক্ত শিক্ষণপদ্ধতি (OER) এবং প্রেডেটরি জার্নাল এড়িয়ে বৈশ্বিক সাইটেশন বৃদ্ধির বিভিন্ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক ড. মো. জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুল, অনুষদ ও বিভাগের ৩৩ জন শিক্ষক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে বিষয়ভিত্তিক আলোচনা, প্রশ্নোত্তর ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে অংশগ্রহণকারীরা একাডেমিক লেখালেখি, কপিরাইট ও গবেষণা নৈতিকতার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ধারণা লাভ করেন।

