ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

হবিগঞ্জে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০৫:২৮ পিএম
ছবি- সংগৃহীত

হবিগঞ্জের লাখাই উপজেলায় জমি ভরাট ও পানি নিষ্কাশনের পথ বন্ধ করা নিয়ে দুই পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৫০ জনের বেশি আহত হয়েছেন বলে জানা গেছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কাটিহারা পূর্ব পাড়া গ্রামের সিদ্দিকিয়া মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের বাসিন্দা মৃত আব্দুস ছোবহানের ছেলে আব্দুল কাদির (৫৫) নিজ জমিতে মাটি ভরাট করে বাড়ি নির্মাণের উদ্যোগ নেন। তবে দীর্ঘদিন ধরে ওই জমির ওপর দিয়ে গ্রামের পানি নিষ্কাশনের একটি নালা প্রবাহিত ছিল। মাটি ফেলে জমি উঁচু করায় নালাটি বন্ধ হয়ে যায়, ফলে পানি চলাচল ব্যাহত হয়।

এ নিয়ে গ্রামবাসী বিকল্প ড্রেন বা নালার ব্যবস্থা রাখার অনুরোধ জানালেও অভিযোগ রয়েছে, তা আমলে না নিয়েই কাজ চালিয়ে যান আব্দুল কাদির। বুধবার সকালে তার পক্ষের লোকজন নির্মাণকাজ শুরু করলে মহিবুর আলম (৫০)-এর নেতৃত্বে অপর পক্ষ বাধা দেয়। এতে উভয়পক্ষের মধ্যে তর্ক-বিতর্কের একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা।

সংঘর্ষের খবর পেয়ে লাখাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কৃষ্ণ চন্দ্র মিত্রের নেতৃত্বে, এসআই মো. আখতারুজ্জামান ও এসআই মানিক সাহাসহ একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কায় লাখাই আর্মি ক্যাম্প থেকে সেনাসদস্যরাও ঘটনাস্থলে যোগ দেন।

পুলিশ ও সেনাবাহিনীর যৌথ প্রচেষ্টায় দীর্ঘ সময় চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এলাকায় বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি জোরদার রয়েছে।