ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

হবিগঞ্জে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ৩০

রূপালী ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ০৬:৫৩ পিএম
দুপক্ষের সংঘর্ষ। ছবি : সংগৃহীত

হবিগঞ্জের আজমিরীগঞ্জে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কাকাইলছেও ইউনিয়নের মাহতাবপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। আহতরা আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (২২ ফেব্রুয়ারি) উপজেলার কাকাইলছেও ইউনিয়নের মাহতাবপুর গ্রামের মৃত আলী হায়দারের ছেলে দুলাল মিয়ার একটি গরু একই গ্রামের মৃত নজরুল মিয়ার ছেলে লিটন মিয়ার জমির উপর ঘাস খাওয়ানোর জন্য খুঁটিতে বাঁধে। এ নিয়ে সন্ধ্যায় দুজনের মধ্যে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। এরই জেরে সোমবার দুপুরে বিষয়টি নিয়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে প্রায় ২ ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলে। এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন।

স্থানীয় ইউপি সদস্য মো. নজু মিয়া চৌধুরী বলেন, তুচ্ছ বিষয় নিয়ে দুলাল মিয়া ও লিটন মিয়ার লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আজমিরীগঞ্জ থানার ওসি মো. আকবর হোসেন বলেন, গরুকে খুঁটিতে বেঁধে রাখা নিয়ে দুই পক্ষের লোকজনের মধ্যে এ সংঘর্ষের সূত্রপাত বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।