জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে এক গৃহবধূকে মারধরের অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার পিংনা ইউনিয়নের মিরকুটিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, পিংনা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জিরান আলী পৈত্রিক সূত্রে পাওয়া প্রায় এক একর জমি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। অভিযোগ, বৃহস্পতিবার বিকেলে স্থানীয় প্রভাবশালী রবিউল ইসলাম ও তাঁর সহযোগীরা ওই জমিতে হালচাষ করতে যান।
এ সময় জিরান আলীর স্ত্রী মমতাজ বেগম বাধা দিলে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁকে মাটিতে ফেলে মারধর করা হয় বলে অভিযোগ করেন স্বজনেরা। পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
জিরান আলী বলেন, ‘আমাদের পৈত্রিক জমিতে জোর করে হালচাষ করতে গেলে আমার স্ত্রী বাধা দেয়। তখন তাকে মারধর করা হয়। আমরা ঘটনার সুষ্ঠু বিচার চাই।’
তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাচ্চু মিয়া বলেন, এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

