জামালপুরের বকশীগঞ্জে গাছের সঙ্গে ঝুলে থাকা মোতালেব সরকার (৫৫) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২ জুলাই) সকালে সাধুরপাড়া ইউনিয়নের আইরমারী গ্রামের নিজ বাড়ির কামরাঙা গাছ থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।
মোতালেব সরকার আইরমারী গ্রামের মৃত আবদুল হাই সরকারের ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, কৃষক মোতালেব সরকার বুধবার রাতে নিজ বাড়িতে ঘুমিয়ে পড়েন। সকালে বাড়ির সামনের একটি কামরাঙা গাছের সঙ্গে ঝুলন্ত মরদেহ দেখতে পায় বাড়ির লোকজন। পরে বকশীগঞ্জ থানা পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
বকশীগঞ্জ থানার ওসি মকবুল হোসেন জানান, মরদেহটি উদ্ধার করা হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা ময়নাতদন্তের পর বলা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

