ঢাকা বৃহস্পতিবার, ০২ জুলাই, ২০২৬

রাজধানীতে গ্যাস বিস্ফোরণ: দগ্ধ ৩ যুবক, একজন আইসিইউতে

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ২, ২০২৬, ১১:৩১ এএম
ছবি : সংগৃহীত

রাজধানীর কলাবাগানের ফ্রি স্কুল স্ট্রিট এলাকার একটি বাসায় জমে থাকা গ্যাসের বিস্ফোরণে তিন যুবক দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

বুধবার (১ জুলাই) রাত পৌনে ১২টার দিকে ফ্রি স্কুল স্ট্রিটের বক্স কালভার্ট রোডে আবুল বাশারের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (২ জুলাই) ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক (ইন্সপেক্টর) মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

দগ্ধরা হলেন- রানা (২২), জুয়েল (২০) ও পারভেজ (২১)। তারা তিনজনই বন্ধু এবং পান্থপথ এলাকার বিভিন্ন ফার্নিচারের দোকানে কর্মরত।

তাদের হাসপাতালে নিয়ে আসা ফার্নিচার ব্যবসায়ী ইমরান হোসেন রাজিব জানান, জুয়েল ওই বাসায় পরিবারের সঙ্গে থাকতেন। পরিবারের সদস্যরা গ্রামের বাড়িতে থাকায় বুধবার রাতে তিনি বন্ধু রানা ও পারভেজকে বাসায় নিয়ে যান। কিছুক্ষণ পরই সেখানে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হয়।

তিনি আরও জানান, সাততলা ভবনটির নিচতলায় জুয়েলের পরিবারের বাসা। ওই বাসার ঠিক নিচেই একটি সেপটিক ট্যাংক রয়েছে। ফলে তাদের কক্ষের মেঝে সব সময় অস্বাভাবিক গরম থাকত। বিষয়টি জুয়েলের পরিবার একাধিকবার বাড়ির মালিককে জানালেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।

ইমরানের ভাষ্য, ভবনের পাশ দিয়ে চলাচলের সময় প্রায়ই গ্যাসের গন্ধ পাওয়া যেত। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনোভাবে গ্যাস কক্ষের ভেতরে জমে ছিল। রাতে দিয়াশলাই জ্বালানোর সঙ্গে সঙ্গে বিস্ফোরণের ঘটনা ঘটে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসকরা জানান, রানার শরীরের ৬৩ শতাংশ, জুয়েলের ৩০ শতাংশ এবং পারভেজের ২১ শতাংশ দগ্ধ হয়েছে। গুরুতর অবস্থায় রানাকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) রাখা হয়েছে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত তিনজনই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।